শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

সালাহউদ্দিন আহমদ-এর কক্সবাজার সৈকত পরিদর্শন, বালিয়াড়ি পুনর্দখল ঠেকাতে কড়া নির্দেশ


সালাহউদ্দিন আহমদ কক্সবাজার সমুদ্র সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে জানিয়েছেন, বালিয়াড়ি যেন কোনোভাবেই পুনরায় দখল না হয়- সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

২২ মার্চ ২০২৬, ৮:২২ অপরাহ্ণ 

সালাহউদ্দিন আহমদ-এর কক্সবাজার সৈকত পরিদর্শন, বালিয়াড়ি পুনর্দখল ঠেকাতে কড়া নির্দেশ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

কক্সবাজার সমুদ্র সৈকতের উচ্ছেদ হওয়া অবৈধ স্থাপনাগুলোর স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২২ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে তিনি সৈকতের সুগন্ধা পয়েন্টে গিয়ে উচ্ছেদ-পরবর্তী সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজার সৈকতের বালিয়াড়ি দখল করে কোনো ধরনের স্থাপনা গড়ে উঠতে দেওয়া হবে না। বালিয়াড়ি যেন পুনরায় কেউ দখল করতে না পারে, সে বিষয়ে ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনকে কঠোর সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

মন্ত্রী আরও জানান, পর্যায়ক্রমে কক্সবাজার সমুদ্র সৈকতের  নাজিরারটেক থেকে টেকনাফ পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে যারা প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

জানা গেছে, সম্প্রতি কক্সবাজার সফরের সময় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সমুদ্র সৈকতের সব অবৈধ স্থাপনা উচ্ছেদের কঠোর নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই নির্দেশনার ধারাবাহিকতায় জেলা প্রশাসনের অভিযানে দখলমুক্ত করা হয় সুগন্ধা ও কলাতলী পয়েন্ট।

রোববার হঠাৎ করে উচ্ছেদ হওয়া এসব স্থান পরিদর্শনে যান মন্ত্রী। এ সময় উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত কিছু ব্যবসায়ী পুনর্বাসনের দাবি জানান। তবে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় বালিয়াড়িকে সম্পূর্ণ স্থাপনামুক্ত রাখার বিষয়টি পুনর্ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।