শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

নারীর সম্মান ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার জামায়াত আমিরের


কর্মক্ষেত্র ও জনজীবনে নারীদের শতভাগ নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার অঙ্গীকার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি ভোট ডাকাতি ও দুর্নীতিমুক্ত রাজনীতির দাবি জানিয়ে বলেন, নারী-পুরুষ সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চায় জামায়াত।

২২ জানুয়ারী ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ 

নারীর সম্মান ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার জামায়াত আমিরের
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কর্মক্ষেত্রে নারীরা যেন সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন এবং রাস্তাঘাটে চলাফেরায় পূর্ণ নিরাপত্তা পান- তা নিশ্চিত করতে জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ। নারী-পুরুষ সবাইকে সঙ্গে নিয়েই আগামীর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুর আদর্শ স্কুলমাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা কিছু বন্ধুদের বলতে চাই- মেহেরবানি করে মায়েদের ইজ্জতের দিকে কখনও হাত বাড়াবেন না। তাহলে আগুন জ্বলবে। সবকিছু সহ্য করা যায়, কিন্তু মায়েদের ইজ্জতের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।’

রাজনীতিতে শুদ্ধতা ও সুশাসনের ওপর গুরুত্ব দিয়ে জামায়াত আমির বলেন, দেশে আর কোনো ভোট চোর দেখতে চান না তারা। যারা নিজেদের দলের ভেতরের চাঁদাবাজি, দখলবাজি ও সহিংসতা নিয়ন্ত্রণ করতে পারে না, তারা কখনোই একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবে না। তিনি বলেন, ‘ঘুণে ধরা রাজনীতি ও ক্ষমতার কাঠামো পরিবর্তনের জন্য গণভোটে জনগণ “হ্যাঁ”-কেই বিজয়ী করবে।’

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘ইনসাফ না থাকার কারণেই দুর্নীতিবাজরা দেশের টাকা বিদেশে পাচার করে বেগমপাড়া গড়ে তুলেছে। আমরা আর কোনো ভোট ডাকাতি দেখতে চাই না।’

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও সমাবেশে অংশ নেন।