শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

তিন দিন পর রাজধানীতে রোদের দেখা মিলল


টানা তিন দিনের কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার পর রাজধানী ঢাকায় অবশেষে দেখা মিলেছে রোদের। বুধবার সকালে মিষ্টি রোদে নগর জীবনে স্বস্তি ফিরলেও হিমেল হাওয়ায় শীতের অনুভূতি এখনো বজায় রয়েছে।

৩১ ডিসেম্বর ২০২৫, ১:৪১ অপরাহ্ণ 

তিন দিন পর রাজধানীতে রোদের দেখা মিলল
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

টানা তিন দিন সূর্যের দেখা না মিললেও বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার পর রাজধানীর বিভিন্ন এলাকায় রৌদ্রোজ্জ্বল আবহাওয়া লক্ষ্য করা যায়। ঘন কুয়াশা কেটে গিয়ে আকাশে সূর্যের আলো ছড়িয়ে পড়ায় নগরবাসীর মধ্যে স্বস্তির অনুভূতি দেখা গেছে। তবে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে প্রবাহিত হিমেল হাওয়ার কারণে ঠান্ডার অনুভূতিও রয়েছে, যদিও আগের দিনের তুলনায় শীতের তীব্রতা কিছুটা কম।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। তবে ভোর ও রাতের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। 

বুধবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল গোপালগঞ্জে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে।

আবহাওয়াবিদরা জানান, আগামী কয়েক দিন সকাল ও রাতের দিকে কুয়াশা থাকলেও দিনের বেলায় রোদের দেখা মিলতে পারে, ফলে শীতের প্রকোপ ধীরে ধীরে কিছুটা কমতে পারে।