শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

গণভোট ও সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের দিন কেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাধারণ ভোটারদের জন্য মোবাইল বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

৯ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ণ 

গণভোট ও সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার এ বিষয়ে নিষেধাজ্ঞা বাস্তবায়নের নির্দেশ দিয়ে রিটার্নিং কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহন করা যাবে না।

তবে দায়িত্ব পালনের স্বার্থে কেবল নির্দিষ্ট কিছু কর্মকর্তা ও সদস্য মোবাইল ফোন রাখতে পারবেন। এদের মধ্যে রয়েছেন দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ, দায়িত্বপ্রাপ্ত আনসার এবং সাধারণ আনসার বা ভিডিপির মধ্যে ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন সদস্য।

নির্বাচনের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টার বরাতে শনিবার প্রেস সচিব শফিকুল আলম জানান, সারা দেশে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৫ হাজার ৭০০ কেন্দ্রে পুলিশের জন্য ‘বডি ওর্ন’ ক্যামেরা সরবরাহ করা হয়েছে। বৈঠকে এসব ক্যামেরার কার্যক্রমের একটি সরাসরি প্রদর্শনীও দেখানো হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’ পুরোপুরি চালু করা হয়েছে। এই অ্যাপটি কেবল নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ব্যবহার করবেন।

অ্যাপের মাধ্যমে কোনো ভোটকেন্দ্র বা এর আশপাশে সহিংসতা, বিশৃঙ্খলা বা গোলযোগের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বাহিনী, রিটার্নিং কর্মকর্তা এবং কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশনের কাছে বার্তা পৌঁছে যাবে। এতে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে বলে আশা করছে নির্বাচন কমিশন।