বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

এনইআইআর চালুর পর মোবাইলের দাম না বাড়তে দিতে সতর্ক বিটিআরসি


আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে এনইআইআর পদ্ধতি চালুর পর মোবাইল হ্যান্ডসেটের দাম যাতে না বাড়ে, সে বিষয়ে বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিটিআরসি বলে জানিয়েছেন সংস্থার কমিশনার মাহমুদ হোসেন।

২৭ নভেম্বর ২০২৫, ৯:৪৫ অপরাহ্ণ 

এনইআইআর চালুর পর মোবাইলের দাম না বাড়তে দিতে সতর্ক বিটিআরসি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) পদ্ধতি চালুর পর দেশে মোবাইল হ্যান্ডসেটের দাম বাড়বে—এমন ধারণা নাকচ করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রতিষ্ঠানটির কমিশনার মাহমুদ হোসেন বলেন, “বাজারে কোন স্মার্টফোনের দাম কত, তা আমরা নজরে রাখছি, যাতে এনইআইআর চালুর পর কেউ অযৌক্তিকভাবে দাম বাড়াতে না পারে।”

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘বৈধ ও নিরাপদ হ্যান্ডসেট ব্যবহারে এনইআইআর’র গুরুত্ব’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সেমিনারে টিআরএনবি সভাপতি সমীর কুমার দে’র সঞ্চালনায় বক্তব্য রাখেন বিটিআরসি স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক, জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব রইছ উদ্দিন খান, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. জাহিদুল ইসলাম, এমআইওবি সভাপতি জাকারিয়া শাহীদ, মোবাইল ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন সভাপতি আব্দুল্লাহ আল হারুন রাজু, কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, সিনেসিস আইটি’র সিএসও আমিনুল বারী সৌরভ, নগদ-এর ভিপি মোহাম্মদ জাহিদুল ইসলাম, টিআরএনবি সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন ও সাংগঠনিক সম্পাদক আল আমিন দেওয়ান।

প্রধান অতিথির বক্তব্যে কমিশনার মাহমুদ হোসেন জানান, মোবাইল হ্যান্ডসেটের মানের ওপর নেটওয়ার্কের মান নির্ভর করে। তাই ২০১৮ সাল থেকে এনইআইআর বাস্তবায়নের প্রচেষ্টা চলছে। তিনি বলেন, “নাগরিকের নিরাপত্তার স্বার্থে বাজারে মজুদ থাকা সব হ্যান্ডসেটকে বৈধ চ্যানেলে আনার প্রক্রিয়া চলছে। ডিসেম্বরেই এর সমাধান হবে।”

তিনি আরও বলেন, “আগামী ১৬ ডিসেম্বরের আগে কোনো সেট বন্ধ হবে না।”

এনইআইআর চালুর পর দাম বাড়বে—এমন প্রচারণা সম্পর্কে তিনি বলেন, “এ বিষয়ে বিটিআরসি সম্পূর্ণ সতর্ক। আমরা প্রতিশ্রুতি দিয়েছি—এনইআইআর বাস্তবায়নের কারণে মোবাইলের দাম বাড়বে না। সেই প্রতিশ্রুতিই বাস্তবে রূপ দিতে হবে।”

তিনি জানান, মোবাইল ফোন নিবন্ধন নিয়ে ব্যাপক প্রচারও চালানো হবে, যাতে সাধারণ ব্যবহারকারীরা ব্যবস্থাটি সহজেই বুঝতে পারেন।