শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

গোপনীয়তা রক্ষায় ক্যামেরাবিহীন প্রথম এআই চশমা আনল মেটা


অন্যের অজান্তে ছবি বা ভিডিও ধারণ নিয়ে বিশ্বজুড়ে তৈরি হওয়া গোপনীয়তার উদ্বেগ দূর করতে ক্যামেরাবিহীন প্রথম এআই চশমা বাজারে আনল প্রযুক্তি জায়ান্ট মেটা। ‘কানেক্ট-২০২৬’ সম্মেলনে উন্মোচিত ‘রে-ব্যান মেটা অডিও’ নামের এই চশমাটিতে ক্যামেরা না থাকলেও যুক্ত করা হয়েছে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও দীর্ঘস্থায়ী ব্যাটারি সুবিধা।

২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ণ 

গোপনীয়তা রক্ষায় ক্যামেরাবিহীন প্রথম এআই চশমা আনল মেটা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

প্রাইভেসি বা গোপনীয়তা নিয়ে ব্যবহারকারীদের উদ্বেগের কথা মাথায় রেখে ক্যামেরাবিহীন প্রথম এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) চশমা বাজারে নিয়ে এসেছে প্রযুক্তি জায়ান্ট মেটা। বার্ষিক ‘কানেক্ট-২০২৬’ সম্মেলনে উন্মোচিত এই নতুন ডিভাইসটির নাম দেওয়া হয়েছে ‘রে-ব্যান মেটা অডিও’। এর পাশাপাশি মেটা তাদের জনপ্রিয় এআই চশমার পরবর্তী প্রজন্ম তথা ক্যামেরাযুক্ত ‘রে-ব্যান মেটা জেন ৩’-ও বাজারে আনার ঘোষণা দিয়েছে।

মেটার হার্ডওয়্যার পার্টনার এসিলর-লুক্সোটিকার সঙ্গে যৌথভাবে তৈরি নতুন এই ক্যামেরাবিহীন চশমার প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪৯ মার্কিন ডলার। আগামী ১৩ অক্টোবর থেকে ডিভাইসটির প্রি-অর্ডার শুরু হবে।

স্মার্ট চশমায় ক্যামেরা থাকায় অন্যের অনুমতি ছাড়া ছবি বা ভিডিও ধারণের যে আশঙ্কা বা বিতর্ক তৈরি হয়েছিল, তা পুরোপুরি দূর করতেই মেটার এই নতুন পদক্ষেপ। ক্যামেরার হার্ডওয়্যার বাদ দেওয়ায় চশমাটি আগের চেয়ে অনেক হালকা হয়েছে। মাত্র ৪৩ গ্রাম ওজনের এই চশমায় রয়েছে অ্যাডজাস্টেবল টেম্পল টিপস, পরিবর্তনযোগ্য নোজ প্যাড এবং ওভার-এক্সটেনশন হিঞ্জ। ফলে এটি সারাদিন পরে থাকা আরও আরামদায়ক হবে।

যা যা থাকছে ক্যামেরাবিহীন চশমায়:

ক্যামেরা না থাকায় এর ভেতরের স্পেস ও ব্যাটারি ব্যাকআপ আরও অপ্টিমাইজ করা সম্ভব হয়েছে। মেটার দাবি, একবার চার্জে চশমাটি টানা ১২ ঘণ্টা পর্যন্ত সচল থাকবে। এছাড়া এর সঙ্গে থাকা চার্জিং কেস ব্যবহার করলে মোট ব্যাটারি লাইফ পাওয়া যাবে সর্বমোট ৪৮ ঘণ্টা পর্যন্ত।

ডিভাইসটি ২৩টি ভিন্ন রঙ এবং লেন্সের সমন্বয়ে বাজারে পাওয়া যাবে। এতে রেট্রো-স্টাইলের ‘ক্লাবমাস্টার’  এবং আয়তাকার ‘বারব’ -এই দুটি নতুন রে-ব্যান স্টাইল যুক্ত করা হয়েছে। ব্যবহারকারীরা চাইলে এতে প্রেসক্রিপশন বা পাওয়ারযুক্ত লেন্সও যুক্ত করতে পারবেন।

এছাড়াও রয়েছে গান ও পডকাস্ট শোনার সুবিধা, স্পষ্ট অডিও কোয়ালিটিতে হ্যান্ডস-ফ্রি ফোন কল করা, রিয়েল-টাইম ভাষা অনুবাদ সুবিধা, মেটার নতুন পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট ‘মিউজ’-এর ব্যাবহারের সুবিধা।

মেটার কানেক্ট সম্মেলনে ঘোষণা দেওয়া হয়েছে যে, তাদের এআই চশমাগুলোতে যুক্ত হচ্ছে নতুন শক্তিশালী পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট ‘মিউজ’। এর মাধ্যমে ব্যবহারকারীরা দৈনন্দিন কাজ আরও সহজে পরিচালনা করতে পারবেন। এছাড়া ডলবি অ্যাটমস স্প্যাটিয়াল অডিও ক্যাপচার, উন্নত শ্রবণ সুবিধা এবং ব্যবহারকারীর ডেটা সুরক্ষায় ‘প্রাইভেট প্রসেসিং’র মতো আধুনিক ফিচারগুলো পর্যায়ক্রমে যুক্ত করা হবে।

তথ্যসূত্র: মেটা অফিশিয়াল ব্লগ, রয়টার্স