বুধবার, ২৯ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্রে চালু হলো ইলন মাস্কের ‘এক্স মানি’


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সকে (সাবেক টুইটার) একটি ‘এভরিথিং অ্যাপ’-এ রূপান্তরের পরিকল্পনার অংশ হিসেবে নতুন পেমেন্ট সেবা ‘এক্স মানি’ চালু করেছেন ইলন মাস্ক। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে প্রিমিয়াম ও প্রিমিয়াম প্লাস গ্রাহকদের জন্য চালু হওয়া এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা ডিজিটাল ওয়ালেট ব্যবহার, সরাসরি অর্থ লেনদেন এবং ভিসা-সমর্থিত পেমেন্ট সুবিধা পাবেন।

২৯ জুলাই ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ 

যুক্তরাষ্ট্রে চালু হলো ইলন মাস্কের ‘এক্স মানি’
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স আনুষ্ঠানিকভাবে চালু করেছে নতুন ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘এক্স মানি’। দীর্ঘদিন আমন্ত্রণভিত্তিক বেটা পরীক্ষার পর মঙ্গলবার (২৮ জুলাই) থেকে যুক্তরাষ্ট্রে এক্সের প্রিমিয়াম ও প্রিমিয়াম প্লাস সাবস্ক্রাইবারদের জন্য সেবাটি উন্মুক্ত করা হয়েছে।

এক্সকে একটি সর্বব্যাপী বা ‘এভরিথিং অ্যাপ’-এ পরিণত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে চালু হওয়া এই সেবায় রয়েছে ডিজিটাল ওয়ালেট, পিয়ার-টু-পিয়ার (পি-টু-পি) অর্থ লেনদেন এবং অ্যাপল ওয়ালেট সমর্থিত পেমেন্ট সুবিধা।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এক্স মানি ব্যবহারকারীরা প্ল্যাটফর্মের মধ্যেই অর্থ জমা রাখা, অন্য ব্যবহারকারীর কাছে টাকা পাঠানো, অর্থ গ্রহণ কিংবা অর্থ পাঠানোর অনুরোধ করতে পারবেন। এসব লেনদেনে কোনো অতিরিক্ত ফি বা নির্ধারিত সীমা থাকবে না। ব্যবহারকারীদের আমানত হিসাব যুক্তরাষ্ট্রের ক্রস রিভার ব্যাংকে সংরক্ষিত থাকবে, যা ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স করপোরেশনের (এফডিআইসি) আওতায় সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত বিমা সুরক্ষা পাবে।

সেবাটিতে নিবন্ধনের পর ব্যবহারকারীদের একটি ভার্চুয়াল কার্ড দেওয়া হবে, যা অ্যাপল ওয়ালেটের মাধ্যমে অ্যাপল পে-তে যুক্ত করা যাবে। এই কার্ড ব্যবহার করে যোগ্য কেনাকাটায় সর্বোচ্চ ৩ শতাংশ ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকবে। এ ছাড়া প্রিমিয়াম প্লাস গ্রাহকরা নির্ধারিত ডাইরেক্ট ডিপোজিটের শর্ত পূরণ করলে বছরে সর্বোচ্চ ৬ শতাংশ এপিওয়াই (বার্ষিক লভ্যাংশ) অর্জন করতে পারবেন। ব্যবহারকারীরা চাইলে নিজেদের নাম ও এক্স ইউজারনেম যুক্ত করে একটি ফিজিক্যাল মেটাল কার্ডও সংগ্রহ করতে পারবেন।

নতুন ব্যবহারকারীদের জন্য ১৫ ডলারের ওয়েলকাম ডিপোজিট দেওয়ার কথাও জানিয়েছে এক্স মানি। পাশাপাশি দ্রুত অনুমোদনের জন্য পাসকি-নির্ভর নিরাপত্তা ব্যবস্থা এবং প্রতিটি কার্ড লেনদেনে ভিসার উন্নত জালিয়াতি প্রতিরোধ ও ঝুঁকি ব্যবস্থাপনা প্রযুক্তি ব্যবহার করা হবে।

বর্তমানে এই সেবা শুধু যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক এবং যাচাইকৃত মার্কিন ফোন নম্বরধারী এক্স ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। চীনের জনপ্রিয় সুপার অ্যাপ উইচ্যাট ও আলিপে-এর আদলে এক্সকে বহুমুখী সেবার প্ল্যাটফর্মে রূপান্তর করতে চান ইলন মাস্ক। ২০২৩ সালে এক কর্মীসভায় তিনি বলেছিলেন, পেমেন্ট বলতে তিনি শুধু অর্থ লেনদেন নয়, বরং একজন ব্যবহারকারীর সম্পূর্ণ আর্থিক জীবনকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসার ধারণাকেই বোঝান।

তবে এক্স মানির যাত্রা শুরুর আগেই এটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন নীতিনির্ধারক। মার্কিন সিনেটর ইলন মাস্ককে পাঠানো এক চিঠিতে সতর্ক করে বলেন, এক্স পরিচালনায় অতীতের নানা বিতর্ক যদি এই আর্থিক সেবাতেও প্রতিফলিত হয়, তাহলে ভোক্তা সুরক্ষা, জাতীয় নিরাপত্তা এবং আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়তে পারে।

তিনি আরও মন্তব্য করেন, নিরাপদ ও দায়িত্বশীলভাবে এক্স পরিচালনায় প্রতিষ্ঠানের পূর্ববর্তী ব্যর্থতা ভোক্তা আর্থিক খাতে সফল সম্প্রসারণের বিষয়ে পর্যাপ্ত আস্থা তৈরি করে না।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।