অ্যাওয়ার্ড মঞ্চে শাকিব • পাঁচ বছর পর ঢালিউড অ্যাওয়ার্ডের মঞ্চে ফিরছেন শাকিব খান
৩ অক্টোবর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
২১২ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমেও ইতিহাস বদলাতে পারল না পাকিস্তান। এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে ভারতের বিপক্ষে ১৯ রানে হেরে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে পাকিস্তানকে। আর এই জয়ের মধ্য দিয়ে টানা দ্বিতীয়বারের মতো এশিয়ান গেমস ক্রিকেটে সোনা জিতল ভারত।
ভারতের দেওয়া ২১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯২ রান করতে পারে পাকিস্তান। শুরুটা ধীর হওয়ায় বড় রান তাড়ার চাপ শেষ পর্যন্ত সামলাতে পারেনি সাহিবজাদা ফারহানের দল।
পাকিস্তানের ইনিংসে সবচেয়ে উজ্জ্বল ছিলেন হাসান নেওয়াজ। প্রায় একাই ভারতীয় বোলারদের ওপর চাপ তৈরি করেন তিনি। ৫০ বলে ৯৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই ব্যাটার। শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে গেলেও শিবম দুবের বলে আউট হয়ে তাঁর ইনিংস থামে। তবে তাঁর দুর্দান্ত ব্যাটিং ম্যাচে উত্তেজনা ফিরিয়ে এনেছিল।
তবে রান তাড়ার শুরুতেই পিছিয়ে পড়ে পাকিস্তান। প্রথম ছয় ওভারে তাদের সংগ্রহ ছিল মাত্র ৩৯ রান। পরের দিকে হাসান নেওয়াজের ঝড় ম্যাচে নতুন প্রাণ ফেরালেও প্রয়োজনীয় রানরেটের চাপ কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান।
এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে ভারত। অভিষেক শর্মার ব্যাটে আসে বিধ্বংসী ইনিংস। মাত্র ২০ বলেই ফিফটি পূরণ করেন তিনি। শেষ পর্যন্ত ২৮ বলে ৬১ রান করে ফেরেন অভিষেক। তাঁর ইনিংসে ছিল ৩টি চার ও ৭টি ছক্কা, স্ট্রাইক রেট ২১৭.৮৬।
অভিষেকের সঙ্গে দ্রুত রান তোলার চেষ্টা করেন বৈভব সূর্যবংশীও। ৯ বলে ১৫ রান করেন তিনি, মেরেছেন দুটি ছক্কা। পাওয়ারপ্লেতে ভারত তুলে নেয় ৮১ রান।
তবে এরপর কিছুটা ছন্দ হারায় ভারতের ব্যাটিং। অধিনায়ক শ্রেয়াস আইয়ার ২৪ বলে ২১ এবং ইশান কিষান ১৮ বলে ২০ রান করে ফেরেন। ফলে ১৬ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৪২ রান।
শেষ চার ওভারে অবশ্য ম্যাচের চিত্র পাল্টে দেন তিলক ভার্মা ও শিবম দুবে। মাত্র ২২ বলে অপরাজিত ৫১ রান করেন তিলক। তাঁর ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা। অন্যদিকে ১৫ বলে ২৭ রানের কার্যকর ইনিংস খেলেন দুবে। শেষ তিন ওভারে এই জুটির ব্যাটে ভারত যোগ করে ৫৭ রান।
শেষ পর্যন্ত ভারতের বড় সংগ্রহই পার্থক্য গড়ে দেয়। ১৯ রানের জয়ে সোনা নিশ্চিত করে শ্রেয়াস আইয়ারের দল। এর আগে সর্বশেষ এশিয়ান গেমসেও পুরুষ ও নারী দুই বিভাগেই সোনা জিতেছিল ভারত। এবারও সেই সাফল্যের পুনরাবৃত্তি হলো।
ম্যাচের বাইরেও ভারত-পাকিস্তান দ্বৈরথের সাম্প্রতিক উত্তাপ ছিল চোখে পড়ার মতো। টসের সময় দুই অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও সাহিবজাদা ফারহান হাত মেলাননি। ম্যাচ শেষেও দুই দলের ক্রিকেটারদের মধ্যে দেখা যায়নি প্রচলিত করমর্দন। ভারত-পাকিস্তান ম্যাচে সাম্প্রতিক সময়ে এমন দৃশ্যই যেন অলিখিত নিয়মে পরিণত হয়েছে।