বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

ঐতিহাসিক বদর দিবস আজ


আজ ১৭ রমজান। ইসলামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন- ঐতিহাসিক বদর দিবস। দ্বিতীয় হিজরির এই দিনে (১৩ মার্চ ৬২৪ খ্রিষ্টাব্দ) মদিনা মুনাওয়ারা থেকে প্রায় ৮০ মাইল দক্ষিণে বদর প্রান্তরে সংঘটিত হয়েছিল ইসলামের প্রথম সশস্ত্র যুদ্ধ ‘বদর’। নবী হযরত মুহাম্মদ (সা.)-এর নেতৃত্বে অল্পসংখ্যক মুসলমান বাহিনী শক্তিশালী মক্কার কাফেরদের বিরুদ্ধে অভাবনীয় বিজয় অর্জন করে।

৭ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ 

ঐতিহাসিক বদর দিবস আজ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আজ ১৭ রমজান বিশ্ব মুসলিম উম্মাহর জন্য এক তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় দিন। ইসলামের ইতিহাসে এই দিনটি ‘ঐতিহাসিক বদর দিবস’ হিসেবে পরিচিত। দ্বিতীয় হিজরির ১৭ রমজান, খ্রিষ্টাব্দ ৬২৪ সালের ১৩ মার্চ মদিনা থেকে প্রায় ৮০ মাইল দক্ষিণে অবস্থিত বদর নামক স্থানে সংঘটিত হয়েছিল ইসলামের প্রথম যুদ্ধ- বদর যুদ্ধ।

এই যুদ্ধ ইসলামের ইতিহাসে সত্য ও মিথ্যার প্রথম মহারণ হিসেবে বিবেচিত। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নেতৃত্বে মাত্র ৩১৩ জন সাহাবি তৎকালীন সময়ের আধুনিক অস্ত্রে সজ্জিত প্রায় এক হাজার মক্কার কাফের-মুশরিকের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন।

ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, ১৬ রমজানের মাগরিবের পর তারিখ পরিবর্তন হয়ে ১৭ রমজান শুরু হলে মুসলিম বাহিনী বদর প্রান্তরের তাঁবুতে অবস্থান করছিল। সেই রাতে নবী করিম (সা.) আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া ও সাহায্য প্রার্থনা করেন। অন্যদিকে মক্কার কাফেররাও তাদের নিজস্ব শিবিরে যুদ্ধের প্রস্তুতি নেয়।

পরদিন সংঘটিত হয় ভয়াবহ ও রক্তক্ষয়ী যুদ্ধ। মহান আল্লাহ তাআলা মুসলমানদের সাহায্যে ফেরেশতা প্রেরণ করেন বলে ইসলামের ইতিহাসে উল্লেখ রয়েছে। আল্লাহর বিশেষ সাহায্য ও সাহাবিদের অটল ঈমানের ফলে অল্পসংখ্যক মুসলিম বাহিনী শক্তিশালী শত্রুদের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জন করে। এই যুদ্ধে মক্কার কাফেরদের পক্ষে প্রায় ৭০ জন নিহত হয় এবং আরও ৭০ জন বন্দি হয়। অপরদিকে মুসলমানদের মধ্যে ১৪ জন সাহাবি শাহাদাত বরণ করেন।

বদর যুদ্ধ মুসলমানদের জন্য শুধু একটি সামরিক বিজয়ই ছিল না; এটি ছিল নবগঠিত ইসলামী রাষ্ট্রের আত্মবিশ্বাস, ঐক্য ও শক্তির প্রতীক। ইসলামের ইতিহাসে এই যুদ্ধ মুসলমানদের মনোবলকে দৃঢ় করে এবং ইসলাম প্রতিষ্ঠার পথে এক নতুন দিগন্ত উন্মোচন করে। এই কারণেই প্রতি বছর ১৭ রমজান বিশ্বব্যাপী মুসলমানরা গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ‘বদর দিবস’ পালন করেন। দিনটি মুসলমানদের ঈমান, ত্যাগ ও আল্লাহর ওপর অটল ভরসার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে স্মরণ করিয়ে দেয়।