ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি বলেন, গণতন্ত্রে ভিন্নমত একটি স্বাভাবিক বিষয়। তাই গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে জয়-পরাজয়কে স্বাভাবিকভাবে মেনে নিতে হবে। নির্বাচনকে ঘিরে যেন কোনো উত্তেজনা বা বিভেদ সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
সিইসি বলেন, ভোটদান কেবল নাগরিক অধিকার নয়, এটি একটি দায়িত্বও। দেশের ভবিষ্যৎ নির্ধারণে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তিনি আশা প্রকাশ করেন, সব ভোটার সচেতনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ভোটকেন্দ্রে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক দল, প্রার্থী ও সমর্থকদের প্রতি সংযত আচরণের আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। ব্যক্তিগত কষ্ট বা মতপার্থক্য তুচ্ছ করে জাতীয় নির্বাচনের এই ‘মহতী ব্যবস্থা’ সফল করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
ভাষণে সিইসি সতর্ক করে বলেন, ভোটকেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্যও সবার প্রতি আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হবে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।