বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
৪ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হওয়াটা ছিল প্রায় সময়ের অপেক্ষা। এমন সমীকরণ নিয়েই মাঠে নেমেছিল লাল-সবুজের মেয়েরা—স্বাগতিক নেপালের কাছে ৮ গোলের কম ব্যবধানে হারলেও ফাইনাল নিশ্চিত ছিল। তবে কোনো হিসাবের তোয়াক্কা না করে নেপালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে দাপুটে ভঙ্গিতেই শিরোপার মঞ্চে পা রাখল বাংলাদেশ।
মঙ্গলবার নেপালের বিপক্ষে এই জয়ে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড রবিন লিগ শেষ করেছে বাংলাদেশ। আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনালে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত।
ফাইনাল প্রায় নিশ্চিত থাকায় ম্যাচে একাদশে কিছুটা পরিবর্তন আনেন কোচ পিটার বাটলার। তবে গোল পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। ম্যাচের মাত্র তৃতীয় মিনিটে মামনি চাকমার নেওয়া কর্নার তালুবন্দি করতে ব্যর্থ হন নেপালের গোলরক্ষক। বক্সে সুযোগ বুঝে প্লেসিং শটে বল জালে পাঠান প্রতিমা মুন্ডা। তাতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে নেপাল। কিন্তু প্রথমার্ধের মাঝপথে শান্তি মারডি ও আলপি আক্তার মাঠে নামার পর পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। প্রথমার্ধের যোগ করা সময়ে আলপির গোলে ব্যবধান বাড়িয়ে ২-০ করে বিরতিতে যায় দল।
দ্বিতীয়ার্ধে নেপাল আর ঘুরে দাঁড়াতে পারেনি। কাউন্টার অ্যাটাক থেকে দুর্দান্ত দক্ষতায় গোলরক্ষককে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোলটি করেন আলপি আক্তার। পরে বাংলাদেশের আরেকটি গোলে ব্যবধান দাঁড়ায় ৪-০।
ম্যাচের শেষদিকে একটি লাল কার্ড দেখে নেপাল ১০ জনের দলে পরিণত হয়। বক্সের ঠিক বাইরে থেকে নেওয়া আলপির ফ্রি-কিক নেপাল গোলরক্ষক দুর্দান্তভাবে ঠেকিয়ে দেওয়ায় হ্যাটট্রিক থেকে বঞ্চিত হন এই ফরোয়ার্ড।
টুর্নামেন্টে বাংলাদেশের পারফরম্যান্স ছিল চোখ ধাঁধানো। তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১৮ গোল দিলেও এখনো কোনো গোল হজম করেনি দলটি। ৬ পয়েন্ট নিয়ে ভারত দ্বিতীয়, ৩ পয়েন্ট নিয়ে নেপাল তৃতীয় এবং সব ম্যাচ হেরে ভুটান তলানিতে থেকে আসর শেষ করেছে।
দিনের অন্য ম্যাচে ভুটানকে ৮-০ গোলে হারিয়েছে ভারত। আগামী ৭ ফেব্রুয়ারি শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।