শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

ভারতের চাপে আইসিসি অযৌক্তিক শর্ত দিলে বাংলাদেশ তা মানবে না: আসিফ নজরুল


ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চাপে আইসিসি যদি বাংলাদেশের ওপর কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, তাহলে তা মানা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, যৌক্তিক কারণেই বাংলাদেশ ভেন্যু পরিবর্তনের কথা বলেছে।

২০ জানুয়ারী ২০২৬, ২:১৩ অপরাহ্ণ 

ভারতের চাপে আইসিসি অযৌক্তিক শর্ত দিলে বাংলাদেশ তা মানবে না: আসিফ নজরুল
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ভারতের চাপে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যদি বাংলাদেশের ওপর কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, তবে বাংলাদেশ তা মানবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, “আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের কাছে মাথা নত করে আমাদের ওপর অযৌক্তিক কোনো শর্ত চাপিয়ে দেয়, আমরা সেই শর্ত মানবো না।”

বাংলাদেশ ভারতে না গেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়া হতে পারে- ফরাসি বার্তা সংস্থা এএফপির এমন প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেবে- এমন কোনো কথা আমরা আনুষ্ঠানিকভাবে শুনিনি। মূল কথা হচ্ছে, আইসিসি যদি বিসিসিআইয়ের চাপের কাছে নতি স্বীকার করে আমাদের ওপর অযৌক্তিক চাপ সৃষ্টি করে, আমরা তা মেনে নেব না।”

তিনি আরও বলেন, “এর আগেও এমন উদাহরণ রয়েছে। পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলে জানালে আইসিসি ভেন্যু পরিবর্তন করেছিল। আমরাও খুবই যৌক্তিক কারণে ভেন্যু পরিবর্তনের কথা বলেছি। অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদের ভারতে খেলতে বাধ্য করা যাবে না।”

সরকারের অবস্থান স্পষ্ট করে আসিফ নজরুল বলেন, বাংলাদেশের নিরাপত্তা ও স্বার্থ বিবেচনায় নেওয়া সিদ্ধান্তের বিষয়ে কোনো আপস করা হবে না। আইসিসি ও সংশ্লিষ্ট সকল পক্ষের উচিত বিষয়টি বাস্তবতা ও ন্যায্যতার আলোকে বিবেচনা করা।