শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

হাসিনার আমলে তিন নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ায় ইইউ পর্যবেক্ষক পাঠায়নি: প্রেস সচিব


প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কোনো নির্বাচন পর্যবেক্ষক দল পাঠায়নি। তবে আসন্ন নির্বাচনে বড় আকারের পর্যবেক্ষক দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে সংস্থাটি।

১১ জানুয়ারী ২০২৬, ৬:০১ অপরাহ্ণ 

হাসিনার আমলে তিন নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ায় ইইউ পর্যবেক্ষক পাঠায়নি: প্রেস সচিব
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, হাসিনার আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য মনে না করায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সে সময় কোনো পর্যবেক্ষক দল পাঠায়নি। তবে আসন্ন জাতীয় নির্বাচনে ইইউ বড় আকারের একটি পর্যবেক্ষক দল পাঠাবে বলে জানিয়েছে।

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। প্রেস সচিব জানান, ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে ইইউ জানায়, অতীতের তিনটি নির্বাচন তারা গ্রহণযোগ্য মনে না করায় কোনো পর্যবেক্ষক টিম পাঠায়নি। তবে বর্তমান প্রেক্ষাপটে আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে তারা বড় পরিসরে অংশ নিতে আগ্রহী।

নির্বাচনী পরিবেশ নিয়ে শফিকুল আলম বলেন, এখন পর্যন্ত দেশে ভালো লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান রয়েছে। সরকার কোনো রাজনৈতিক দলকে অতিরিক্ত সুবিধা দিচ্ছে না। নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে সামাজিক যোগাযোগমাধ্যম। পতিত সরকারের লোকজন মিসইনফরমেশন ছড়িয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতে পারে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে প্রেস সচিব বলেন, সরকার ও নির্বাচন কমিশন (ইসি) মনে করে নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। বাংলাদেশে দুয়েকটি হত্যাকাণ্ড ঘটলেও সরকার প্রতিটি ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সব ক্ষেত্রেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে।

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে গণভোটের বিষয়েও আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইতে পারে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা ইইউকে জানিয়েছেন, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাই প্রস্তুত রয়েছে এবং নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেন, নরসিংদীর মনি চক্রবর্তী হত্যাকাণ্ডটি পারিবারিক কলহের জেরে সংঘটিত হলেও এটিকে সাম্প্রদায়িক হামলা হিসেবে অপপ্রচার চালানো হচ্ছে। এ ঘটনায় যাচাই-বাছাই ছাড়াই কিছু বিশিষ্ট ব্যক্তির বিবৃতি দেওয়া দুঃখজনক উল্লেখ করে তিনি সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।