শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

মুস্তাফিজকে দলে নেওয়ায় বিতর্কের মুখে শাহরুখ, অবস্থান স্পষ্ট করল বিসিসিআই


ভারত ও বাংলাদেশের চলমান ভূ-রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে আইপিএলে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ায় তীব্র বিতর্কের মুখে পড়েছেন বলিউড তারকা শাহরুখ খান ও তার দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ও বিজেপির একাংশ নেতার সমালোচনার জেরে বিষয়টি রাজনৈতিক রূপ নিলে অবশেষে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

২ জানুয়ারী ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ 

মুস্তাফিজকে দলে নেওয়ায় বিতর্কের মুখে শাহরুখ, অবস্থান স্পষ্ট করল বিসিসিআই
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ভারত ও বাংলাদেশের বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে ভারতের একাংশ রাজনৈতিক ও ধর্মীয় মহলে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। এমন অবস্থায় আইপিএল ২০২৬-এর মেগা নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এবারের নিলামে দল পাওয়া একমাত্র বাংলাদেশি ক্রিকেটার তিনি।

তবে মুস্তাফিজকে দলে নেওয়ার পর থেকেই শাহরুখ খান ও কেকেআরের বিরুদ্ধে শুরু হয় সমালোচনা ও প্রতিবাদ। কট্টর হিন্দুত্ববাদী সংগঠন এবং বিজেপির কয়েকজন নেতা শাহরুখকে নিশানা করেন। উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম প্রকাশ্যে শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা দেন। এমনকি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মুস্তাফিজ ভারতে এলে তাকে বিমানবন্দরের বাইরে যেতে দেওয়া হবে না।

এছাড়া শিবসেনাসহ কয়েকটি সংগঠন কেকেআরকে মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার আল্টিমেটাম দেয়। তাদের দাবি, মুস্তাফিজের আইপিএল থেকে উপার্জিত অর্থ ভারতবিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমেও একাংশ ভারতীয় সমর্থক শাহরুখ ও কেকেআরকে বয়কটের ডাক দেন। মধ্যপ্রদেশের কিছু ধর্মীয় নেতা ম্যাচের পিচ নষ্ট করার হুমকিও দিয়েছেন বলে অভিযোগ ওঠে।

শাহরুখ খানকে ঘিরে চলা এই বিতর্কের কড়া সমালোচনা করেছে কংগ্রেস। দলটির নেত্রী সুপ্রিয়া শ্রীনেত বিসিসিআই ও আইসিসি প্রধান জয় শাহর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ক্রিকেটারদের নিলামের ‘পুল’-এ বাংলাদেশি খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত কারা নিয়েছে- এর উত্তর জয় শাহকেই দিতে হবে। কংগ্রেস নেতা মণিকম টেগোরও বলেন, শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’ বলা মানে ভারতের বহুত্ববাদী চরিত্রের ওপর আঘাত হানা। ঘৃণার মাধ্যমে জাতীয়তাবাদ ব্যাখ্যা করা যায় না। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মৌলানা সাজিদ রশিদ শাহরুখ খানের পাশে দাঁড়িয়ে বলেন, খেলা ও সংস্কৃতির কোনো সীমানা নেই। শাহরুখ খান একজন খেলোয়াড় কিনেছেন, অপরাধ করেননি। 

মাঠের বাইরের এই বিতর্কের মধ্যে অবশেষে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইনসাইডস্পোর্ট-কে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা জানান, মুস্তাফিজুর রহমানের আইপিএলে খেলতে কোনো ধরনের আইনি বা সরকারি বাধা নেই। সরকার বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার বিষয়ে কোনো নির্দেশনাও দেয়নি।

ওই কর্মকর্তা বলেন, বিষয়টি সংবেদনশীল হলেও বাংলাদেশকে শত্রু রাষ্ট্র হিসেবে দেখা হয় না। ফলে প্রচলিত নিয়ম অনুযায়ী মুস্তাফিজের আইপিএলে অংশগ্রহণে কোনো সমস্যা নেই। ভিসা বা অন্যান্য লজিস্টিক জটিলতাও হওয়ার কথা নয়। বিসিসিআই ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখার নীতিতেই অটল রয়েছে।

আইপিএলে এখন পর্যন্ত মুস্তাফিজ ৬০ ম্যাচে ৬৫ উইকেট শিকার করেছেন। তার বোলিং গড় ২৮.৪৫ এবং ইকোনমি রেট ৮.১৩। ডেথ ওভারে তার কাটার ও স্লোয়ার বরাবরই ব্যাটসম্যানদের জন্য বড় চ্যালেঞ্জ। তাকে নিয়ে চতুর্থবারের মতো আইপিএল শিরোপার স্বপ্ন দেখছে কেকেআর। যদিও জাতীয় দলের ব্যস্ততা, বিশেষ করে নিউজিল্যান্ড সিরিজের কারণে টুর্নামেন্টের কিছু ম্যাচে তাকে নাও পেতে পারে ফ্র্যাঞ্চাইজিটি।