সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে দায়িত্ব নিতে হবে: সালাহউদ্দিন


নির্বাচনের মাঠে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন, সরকার, রাজনৈতিক দল ও জনগণকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

২ জানুয়ারী ২০২৬, ৯:৪৬ অপরাহ্ণ 

জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে দায়িত্ব নিতে হবে: সালাহউদ্দিন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

নির্বাচনের মাঠে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার বিকেলে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে কক্সবাজার-১ আসনের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রমে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জনগণ ভোটাধিকার প্রয়োগ করার জন্য উদগ্রীব হয়ে আছে। সেই আগ্রহ ও পরিবেশ আমাদের বহাল রাখতে হবে। নির্বাচনের মাঠে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। এটি শুধু নির্বাচন কমিশনের একার দায়িত্ব নয়; সরকার, রাজনৈতিক দল এবং জনগণ সবাইকে একসঙ্গে দায়িত্ব নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘এবার জনগণকেই মুখ্য ভূমিকা পালন করতে হবে। যেহেতু মুক্ত ও স্বাধীন পরিবেশে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, তাই আইনশৃঙ্খলা বাহিনীকেও সহায়ক ভূমিকা পালন করতে হবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন।’

এর আগে, কক্সবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান কক্সবাজার-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এ আসনে মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ছরওয়ার আলম কুতুবীর মনোনয়ন বাতিল করা হয়। এ ছাড়া কক্সবাজার-১ আসনে মনোনয়ন বৈধ ঘোষিত অন্য দুই প্রার্থী হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আব্দুল্লাহ আল ফারুখ এবং গণঅধিকার পরিষদের মোহাম্মদ আবদুল কাদের।