বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সরাসরি নিয়োগে বয়সসীমা সংক্রান্ত সংশোধিত অধ্যাদেশের গেজেট প্রকাশ


সরকারি ও স্ব-শাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ সংক্রান্ত অধ্যাদেশে সংশোধন এনে নতুন গেজেট প্রকাশ করেছে সরকার। সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী, যেসব প্রতিষ্ঠানের নিজস্ব নিয়োগ বিধিমালায় ৩২ বছরের বেশি বয়সসীমা নির্ধারিত রয়েছে, সেসব ক্ষেত্রে বিদ্যমান বয়সসীমাই বহাল থাকবে।

২৩ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ণ 

সরাসরি নিয়োগে বয়সসীমা সংক্রান্ত সংশোধিত অধ্যাদেশের গেজেট প্রকাশ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর গেজেট প্রকাশ করা হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখা গতকাল সোমবার অধ্যাদেশটি জারি করে।

অধ্যাদেশে বলা হয়, সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪ সংশোধনের লক্ষ্যে এ নতুন অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। এ অধ্যাদেশের নাম হবে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’। এটি অবিলম্বে কার্যকর হবে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।

সংশোধনের মাধ্যমে ২০২৪ সালের ১১ নম্বর অধ্যাদেশের পূর্ণাঙ্গ শিরোনাম, প্রস্তাবনা, ধারা ১-এর উপ-ধারা (১) এবং ধারা ৩-এর দফা (গ) থেকে ‘আধা-স্বায়ত্তশাসিত’ শব্দটি ও সংশ্লিষ্ট চিহ্নসমূহ বিলুপ্ত করা হয়েছে। পাশাপাশি ওই অধ্যাদেশে নতুন ধারা ৩ক সংযোজন করা হয়েছে।

নতুন সংযোজিত ধারা ৩ক অনুযায়ী, ধারা ৩-এ যা কিছুই থাকুক না কেন, যেসব সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থার নিজ নিজ নিয়োগ বিধিমালা বা ক্ষেত্রমত প্রবিধানমালায় কোনো পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ (বত্রিশ) বছরের বেশি নির্ধারিত রয়েছে, সেসব ক্ষেত্রে ওই নির্ধারিত বয়সসীমা অপরিবর্তিত ও বহাল থাকবে।

এই সংশোধনের ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের বিদ্যমান নিয়োগ বিধিমালার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে সরাসরি নিয়োগ প্রক্রিয়া পরিচালনার পথ সুগম হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।