শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত, মেডিকেল বোর্ডের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা


ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবার। তবে বর্তমান শারীরিক অবস্থায় বিদেশযাত্রা নিরাপদ কি না-সে বিষয়ে এখনো মেডিকেল বোর্ডের চূড়ান্ত অনুমোদন মেলেনি।

১৪ ডিসেম্বর ২০২৫, ৯:৪৮ অপরাহ্ণ 

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত, মেডিকেল বোর্ডের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবার।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ও হাদির চিকিৎসায় যুক্ত চিকিৎসক ডা. আব্দুল আহাদ।তিনি জানান, পরিবারের পক্ষ থেকে হাদিকে বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত এসেছে। বর্তমানে থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর- এই দুই দেশের যেকোনো একটি হাসপাতালে নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

ডা. আব্দুল আহাদ বলেন, “আগামীকাল উন্নত চিকিৎসার উদ্দেশ্যে হাদিকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এখন পর্যন্ত থাইল্যান্ড ও সিঙ্গাপুর- এই দুটি দেশ নিয়ে আলোচনা চূড়ান্ত। তবে কোন দেশে নেওয়া হবে, সেটি রাতের মধ্যেই সিদ্ধান্ত হবে।”তবে তিনি স্পষ্ট করে জানান, বর্তমান শারীরিক অবস্থায় হাদি বিদেশযাত্রার জন্য উপযুক্ত কি না, সে বিষয়ে মেডিকেল বোর্ড এখনো চূড়ান্ত অনুমোদন দেয়নি। তিনি বলেন, “এই অবস্থায় রোগীকে নেওয়া নিরাপদ হবে কি না- সে বিষয়ে মেডিকেল বোর্ড এখনো ক্লিয়ারেন্স দেয়নি। আশা করছি, আগামীকাল সকালে বোর্ডের চিকিৎসকরা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।”

এদিকে হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এর ধারাবাহিকতায় শেরপুরের নালিতাবাড়ী এলাকায় সীমান্ত দিয়ে লোক পারাপার চক্রের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও মূল হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় কোনো তথ্য থাকলে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানানোর জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, হামলার ঘটনায় সন্দেহভাজনদের দেশত্যাগ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই সন্ত্রাসীরা দেশ ছেড়ে পালাতে না পারে।সিসিটিভি ফুটেজে দেখা দুই সন্দেহভাজনের অবস্থান সম্পর্কে জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, “তারা দেশের বাইরে চলে গেছে- এমন কোনো তথ্য নেই। ওসমান হাদিকে ফয়সাল মোটরসাইকেলের পেছনে বসে গুলি চালায় এবং আলমগীর মোটরসাইকেলটি চালাচ্ছিল। পুলিশের কাছে থাকা সর্বশেষ তথ্যে জানা গেছে, ফয়সাল গত জুলাই মাসে থাইল্যান্ড থেকে বাংলাদেশে ফিরে আসে।”

এখন পর্যন্ত এ ঘটনায় মামলা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখনো মামলা হয়নি। হাদির পরিবার বর্তমানে হাসপাতালে ব্যস্ত। আমরা চাইছি পুলিশ বাদী না হয়ে পরিবার বাদী হয়ে মামলা করুক। যদি তারা তাৎক্ষণিকভাবে আসতে না পারে, সে ক্ষেত্রে মামলা ড্রাফট করে রাখা হয়েছে, পরে হাসপাতালে গিয়ে পরিবারের স্বাক্ষর নেওয়া হবে।”

হাদির ওপর এ হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ও নিন্দা বাড়ছে। তার শারীরিক অবস্থা ও বিদেশে নেওয়ার বিষয়ে মেডিকেল বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে পরিবার ও সংশ্লিষ্টরা।