শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

শরিফ ওসমান হাদি ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’র শিকার: আগামী ৭২ ঘণ্টা চরম ঝুঁকিপূর্ণ


গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির মাথায় ঢুকে বেরিয়ে যাওয়া বুলেট তার মস্তিষ্কের কাণ্ড বা ব্রেন স্টেম পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে—যা চিকিৎসাবিজ্ঞানে ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ হিসেবে বিবেচিত। এ অবস্থায় আগামী ৭২ ঘণ্টাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় হিসেবে দেখছেন চিকিৎসকেরা।

১৩ ডিসেম্বর ২০২৫, ৮:৪৮ পূর্বাহ্ণ 

শরিফ ওসমান হাদি ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’র শিকার: আগামী ৭২ ঘণ্টা চরম ঝুঁকিপূর্ণ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানিয়েছেন, শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা ‘খুবই ক্রিটিক্যাল’। গুলিটি বাম কানের ঠিক ওপর দিয়ে মাথায় প্রবেশ করে ডান দিক দিয়ে বেরিয়ে গেছে। এই গতিপথে মস্তিষ্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ব্রেন স্টেমে গুরুতর ক্ষতি হয়েছে, যা শরীরের জীবনরক্ষাকারী কার্যক্রম নিয়ন্ত্রণ করে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হাদির শারীরিক অবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. সায়েদুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, বর্তমান অবস্থায় কোনো ধরনের নতুন ইন্টারভেনশন করা সম্ভব নয়। রোগীকে কেবল লাইফ সাপোর্টে ধরে রাখার চেষ্টা চলছে এবং আগামী ৭২ ঘণ্টা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, হাদিকে আপাতত কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে রাখা হয়েছে। এখনো নিশ্চিতভাবে আশার কথা বলা না গেলেও রোগীর শরীরে ‘সাইন অব লাইফ’ রয়েছে। অস্ত্রোপচারের সময় তার নিজের শ্বাস নেওয়ার কিছু প্রচেষ্টা লক্ষ্য করা গেছে বলেও জানান তিনি।তবে পরিস্থিতির জটিলতা তুলে ধরে ডা. সায়েদুর রহমান বলেন, অস্ত্রোপচারের আগেই হাদি একবার শকে চলে গিয়েছিলেন। পরবর্তীতে অ্যাম্বুলেন্সে স্থানান্তরের সময় তার নাক ও গলা দিয়ে প্রবল রক্তক্ষরণ শুরু হয়। বর্তমানে সেই রক্তক্ষরণ নিয়ন্ত্রণে আনা গেলেও সামগ্রিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।তিনি আরও বলেন, এখনই কোনো আশার গল্প শোনানোর মতো পরিস্থিতি নেই। রোগীর অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী চিকিৎসা সিদ্ধান্ত নেওয়া হবে। চিকিৎসক দল সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে পথটি সহজ নয়।