সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসনের মৃত্যু


নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন ৯৭ বছর বয়সে মারা গেছেন। ফ্রান্সিস ক্রিকের সঙ্গে মিলে তিনি ডিএনএ’র দ্বি-হেলিক্স গঠন আবিষ্কার করেন। জীবনের শেষ দিকে বিতর্কিত মন্তব্যে তার সুনাম ক্ষুণ্ণ হয়।

৮ নভেম্বর ২০২৫, ৯:০৭ পূর্বাহ্ণ 

নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসনের মৃত্যু
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী এবং ডিএনএ’র গঠন উন্মোচনের অন্যতম আবিষ্কারক জেমস ওয়াটসন মারা গেছেন। ৯৭ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

শনিবার (৮ নভেম্বর) বিবিসি’র এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরি ওয়াটসনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বহু বছর ধরে তিনি এই ল্যাবরেটরিতে গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন।

১৯৫৩ সালে ব্রিটিশ বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিকের সঙ্গে মিলে তিনি ডিএনএ অণুর ডাবল হেলিক্স (দ্বি-হেলিক্স) গঠন আবিষ্কার করেন—যা ২০শ শতকের অন্যতম বৈজ্ঞানিক সাফল্য হিসেবে বিবেচিত হয়। এ আবিষ্কারই আধুনিক আণবিক জীববিজ্ঞানের ভিত্তি স্থাপন করে।

এই অবদানের জন্য ১৯৬২ সালে ওয়াটসন, ক্রিক এবং মরিস উইলকিনস যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন।

তবে জীবনের শেষ দিকে বর্ণ ও লিঙ্গ নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে ওয়াটসনের সুনাম ক্ষতিগ্রস্ত হয়। ২০০৭ সালে তিনি কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির চ্যান্সেলর পদ হারান এবং ২০১৯ সালে একই ধরনের মন্তব্য পুনরায় করায় তার সব সম্মানসূচক উপাধি বাতিল করা হয়।

১৯২৮ সালের এপ্রিলে শিকাগোতে জন্ম নেওয়া ওয়াটসন মাত্র ১৫ বছর বয়সে ইউনিভার্সিটি অব শিকাগোতে ভর্তি হন। কেমব্রিজে গবেষণার সময় ক্রিকের সঙ্গে তার পরিচয় হয় এবং সেখানেই তারা যৌথভাবে ডিএনএ’র ত্রি-মাত্রিক মডেল তৈরি করেন।

পরে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন এবং ১৯৬৮ সালে কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির পরিচালক হন। ২০১৪ সালে তিনি নিজের নোবেল পদক নিলামে বিক্রি করেন, যা পরে এক রুশ ধনকুবের কিনে তাকে ফেরত দেন।