শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে স্বজন ও উৎসুক জনতার ভিড়


২১ জুলাই ২০২৫, ৭:২৭ অপরাহ্ণ 

জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে স্বজন ও উৎসুক জনতার ভিড়
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীর উত্তরাতে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৭০ জনকে নেওয়া হয়েছে (এ প্রতিবেদন লেখা পর্যন্ত)। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। বেশির ভাগই শিক্ষার্থী বলে জানা গেছে।

সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এজন্য এই হাসপাতালের সামনে ভিড় করেছেন দগ্ধদের স্বজনরা। পাশাপাশি উৎসুক জনতাও ভিড় করেছেন।

জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ওয়ার্ডে পাঠানো হচ্ছে। সেখানেও অনেক ভিড়। ভিড়ের কারণে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ, র‍্যাব, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে দায়িত্ব পালন করছেন।

এদিকে, প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীদের বিষয়ে তথ্য দিতে বা জানতে জরুরি যোগাযোগের কিছু নম্বর চালু করা হয়েছে।

আজ সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে নম্বরগুলো শেয়ার করা হয়েছে।

এক পোস্টে জানানো হয়েছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নিখোঁজ স্কুল শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের নম্বরসমূহ-
১। মিলিটারি রেস্কিউ ব্রিগেড  01769024202
সিএমএইচ বার্ন ইউনিট  01769016019
সিএমএইচ ইমার্জেন্সি  01769013311
২। মাইলস্টোন স্কুল Admin Officer  01814774132‬
Vice Principal  01771111766
৩। ন্যাশনাল ইমার্জেন্সি নাম্বার 999 বাংলাদেশ পুলিশের ইমার্জেন্সি সেল থেকে বার্ন ইউনিটগুলোর সাথে সংযোগ করিয়ে দেবে।

এ ছাড়া জরুরি প্রয়োজনে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ইমার্জেন্সি হটলাইন নম্বর চালু করা হয়েছে। হটলাইন নম্বরটি হলো ০১৯৪৯০৪৩৬৯৭।

সোমবার বিকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে (এই প্রতিবেদন লেখা পর্যন্ত)। এ ঘটনায় আরও ১৬৪ জন আহত হয়েছেন।  

বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।