প্রশাসনিক রদবদল • ডিএমপিতে তিন এসির পদায়ন, নতুন দায়িত্ব পেলেন যারা
২৮ নভেম্বর ২০২৬, ১:২৭ অপরাহ্ণ
মাত্র ৩৩ বছর বয়সেই থেমে যায় সের্হিও আগুয়েরোর বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ার। হৃদযন্ত্রের জটিলতার কারণে বাধ্য হয়েই বুটজোড়া তুলে রাখতে হয়েছিল আর্জেন্টিনার সাবেক এই তারকাকে। তবে মাঠে থাকার সুযোগ পেলে গোলের নতুন ইতিহাস গড়তে পারতেন বলে বিশ্বাস তাঁর। এমনকি ক্রিস্টিয়ানো রোনালদোর আগেই ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করার সামর্থ্য ছিল বলেও দাবি করেছেন আগুয়েরো।
সম্প্রতি আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিএনটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদোর গোলসংখ্যা ও হাজার গোলের লক্ষ্যের প্রসঙ্গে কথা বলেন সাবেক এই স্ট্রাইকার। পর্তুগিজ তারকার বর্তমান পারফরম্যান্সের প্রশংসা করে আগুয়েরো বলেন, ৪১ বছর বয়সেও ক্রিস্টিয়ানো যেভাবে গোল করে যাচ্ছেন, তা সত্যিই অবিশ্বাস্য। তবে ফুটবলে হাজার গোল করাই সবকিছুর মাপকাঠি নয়।
নিজের অসমাপ্ত ক্যারিয়ার প্রসঙ্গে আগুয়েরোর মন্তব্য, আরও কয়েক বছর খেলার সুযোগ পেলে রোনালদোর আগেই হাজার গোলের মাইলফলক ছুঁতে পারতেন তিনি।
আগুয়েরোর এমন আত্মবিশ্বাসের পেছনে রয়েছে তাঁর দুর্দান্ত গোল করার রেকর্ড। ক্লাব ও জাতীয় দলের হয়ে মোট ৭৮৬ ম্যাচে ৪২৭টি গোল করেছেন আর্জেন্টাইন এই সাবেক ফুটবলার। ম্যানচেস্টার সিটির জার্সিতে ৩৯০ ম্যাচে তাঁর গোল ২৬০টি। ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও তাঁর দখলে।
তবে ২০২১ সালের ৩০ অক্টোবর বার্সেলোনার হয়ে আলাভেসের বিপক্ষে ম্যাচে ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। মাঠে খেলতে খেলতেই হৃদস্পন্দনের সমস্যায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরবর্তী সময়ে চিকিৎসকদের পরামর্শে মাত্র ৩৩ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিতে বাধ্য হন এই তারকা।
অন্যদিকে, বয়স ৪১ পেরিয়েও গোলের নেশা ছাড়েননি রোনালদো। পর্তুগাল জাতীয় দলকে বিদায় জানানোর পরও ক্লাব ফুটবলে আল নাসরের হয়ে নিজের অভিযান চালিয়ে যাচ্ছেন তিনি। বর্তমানে তাঁর ক্যারিয়ার গোলসংখ্যা ৯৮৭। অর্থাৎ পেশাদার ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে প্রয়োজন আর মাত্র ১৩টি গোল।
আগুয়েরোর অপূর্ণ স্বপ্ন আর রোনালদোর হাজার গোলের অপেক্ষা ফুটবলপ্রেমীদের আলোচনায় এখন দুই তারকার গোলের এই হিসাব নতুন মাত্রা যোগ করেছে।