প্রথম অভিষেক • তৌসিফ-নীহার নতুন জুটি, আসছে "ছুঁয়ে দিলাম তোমায়"
১০ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ার অভিযোগ সামনে আসার পর শনিবারের নির্ধারিত পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব ডি এম আতিকুর রহমান।
পরীক্ষার্থীদের একজন জানান, নির্ধারিত সময় অনুযায়ী তাঁরা পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন। তাঁদের মধ্যে পরীক্ষার ওএমআর শিটও বিতরণ করা হয়। তবে সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
যুব উন্নয়ন অধিদপ্তর সূত্রে জানা গেছে, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে ২৪২ জন নিয়োগের লক্ষ্যে গত ১৭ মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১১তম গ্রেডের এ পদে নিয়োগ পেতে সারা দেশ থেকে তিন লাখেরও বেশি প্রার্থী আবেদন করেন। পরীক্ষা আয়োজনের জন্য রাজধানীতে প্রায় ১০০টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছিল।
পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর শেষ মুহূর্তে স্থগিতের সিদ্ধান্তে বিপাকে পড়েছেন চাকরিপ্রার্থীরা। বিশেষ করে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় এসে পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়া প্রার্থীদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য এবং স্থগিত পরীক্ষার পরবর্তী তারিখ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।