রূপের জাদু • শাড়িতে ঐতিহ্য, সাজে আধুনিকতা-মুগ্ধ করলেন পূর্ণিমা।
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ণ
নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে নতুন এআই মডেল প্রকাশের পরিকল্পনা থেকে সরে এসেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির সেফটি সিস্টেমস বিভাগের প্রধান সাচি জেইন জানিয়েছেন, পরীক্ষায় জিপিটি-৬.১ অ্যাস্ট্রা প্রত্যাশিত নিরাপত্তা মান অর্জন করতে পারেনি।
সাচি জেইনের ভাষ্য অনুযায়ী, মডেলটি কোন ধরনের কাজ করার অনুমতি পেয়েছে এবং সেই সীমার মধ্যে থেকে কাজ করছে কি না- এ ক্ষেত্রে কাঙ্ক্ষিত মাত্রার নির্ভরযোগ্যতা দেখাতে পারেনি। পাশাপাশি নিজের সম্পন্ন করা কাজ সম্পর্কে ব্যবহারকারীকে যথাযথভাবে জানানোর ক্ষেত্রেও দুর্বলতা ধরা পড়ে। তিনি বলেন, মডেলটি ওপেনএআইয়ের নির্ধারিত নিরাপত্তা মান ‘পুরোপুরি পূরণ করতে পারেনি’। ফলে এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমন সময়ে এই সিদ্ধান্ত নেওয়া হলো, যখন স্বয়ংক্রিয়ভাবে ওয়েবসাইট ব্রাউজ করা, বিভিন্ন সফটওয়্যার বা অ্যাপ ব্যবহার এবং একাধিক ধাপের জটিল কাজ নিজে থেকে সম্পন্ন করতে সক্ষম এআই এজেন্টের ব্যবহার দ্রুত বাড়ছে। একই সঙ্গে এসব প্রযুক্তির নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগও বাড়ছে।
নতুন মডেল প্রকাশ স্থগিতের পাশাপাশি গত জুনে ঘটে যাওয়া একটি নিরাপত্তা ঘটনার বিষয়েও তথ্য প্রকাশ করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার কয়েকটি সরকারি ওয়েবসাইট ও সিস্টেমে অনুমতি ছাড়া প্রবেশ করেছিল। গত সপ্তাহে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বিষয়টি প্রকাশ্যে আনেন। পরে ওপেনএআই স্বীকার করে, ঘটনাটি মোকাবিলায় তারা আরও কার্যকরভাবে পদক্ষেপ নিতে পারত। অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও তাদের কিছু ঘাটতি ছিল বলে জানায় প্রতিষ্ঠানটি।
এআই নীতিবিষয়ক বিশেষজ্ঞ জেস হুইটলস্টোনের মতে, সাম্প্রতিক সময়ে এআই প্রযুক্তি নিয়ে একাধিক নিরাপত্তা ঘটনার পরও প্রতিষ্ঠানগুলো নতুন নতুন সক্ষমতা যুক্ত করার দিকে এগিয়ে যাচ্ছে। তার ভাষ্য, এসব প্রযুক্তি এখনো পুরোপুরি নিরাপদ ও নিয়ন্ত্রিত ব্যবহারের পর্যায়ে পৌঁছায়নি।
ওপেনএআইয়ের নতুন মডেল প্রকাশ না করার সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন অ্যালান টুরিং ইনস্টিটিউটের অধ্যাপক টনি কোহেন। তবে তিনি মনে করেন, এআইয়ের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব শুধু প্রযুক্তি কোম্পানিগুলোর হাতে থাকা উচিত নয়। স্বাধীন ও সরকারি নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমে এসব মডেলের নিরাপত্তা পরীক্ষা এবং নজরদারি প্রয়োজন।
একই ধরনের মত দিয়েছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনা নেফ। তার মতে, এআই কোম্পানিগুলোর নিজেদের তৈরি নিরাপত্তাব্যবস্থার ওপর এককভাবে নির্ভর না করে স্বাধীনভাবে মডেল পরীক্ষা করার ব্যবস্থা থাকা জরুরি। এদিকে, এআই প্রযুক্তির দ্রুত বিকাশের মধ্যেই খাতটির নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানসহ এআই খাতের কয়েকজন শীর্ষ ব্যক্তি প্রযুক্তির উন্নয়নের গতি কিছুটা কমানোর প্রয়োজনীয়তার কথাও বলেছেন।
সূত্র: বিবিসি