মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টানা পাঁচ দিনের ছুটি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটির মাঝখানে থাকা ২২ অক্টোবর বৃহস্পতিবারকে নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিষয়টি কার্যকর হবে মন্ত্রিসভার অনুমোদন ও পরবর্তী প্রজ্ঞাপন জারির পর।

২৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:১২ অপরাহ্ণ 

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি রয়েছে। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীর কারণে সাধারণ ছুটি।

এর পরের দিন ২২ অক্টোবর বৃহস্পতিবার সরকারি অফিস খোলা থাকার কথা। তবে ওই দিনটি নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হলে তার পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সরকারের পক্ষ থেকে ২২ অক্টোবর ছুটি দেওয়ার প্রাথমিক সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ২২ অক্টোবর ছুটি ঘোষণার প্রস্তাবটি আসন্ন মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা অনুমোদন দিলে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে অতিরিক্ত এক দিনের ছুটি দেওয়ার ক্ষেত্রে একটি শর্ত রাখা হচ্ছে। ২২ অক্টোবরের কর্মদিবসের ছুটি পরবর্তী সময়ে অন্য একটি শনিবার অফিস করে সমন্বয় করতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, অর্জিত ছুটির সমন্বয়ের জন্য পরবর্তী কোনো একটি শনিবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিত হয়ে দায়িত্ব পালন করতে হতে পারে। এ শর্ত অন্তর্ভুক্ত করেই প্রস্তাবটি মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হচ্ছে। মন্ত্রিসভার সিদ্ধান্তের পরই ২২ অক্টোবরের ছুটি এবং এর বিনিময়ে কর্মদিবস সমন্বয়ের বিষয়টি চূড়ান্তভাবে জানা যাবে।