বাহাদুরি নয়, বাস্তবতা • ট্রল নিয়ে মুখ খুললেন ওমর সানী, জানালেন নিজের অবস্থান।
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ণ
বিরল ও জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত নির্দিষ্ট ওষুধ এবং ওষুধ তৈরির কাঁচামাল বাংলাদেশ থেকে আমদানিতে শুল্কছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সুবিধা পেয়েছে আরও ১৯টি দেশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের প্রকাশিত তালিকায় বিশেষায়িত কিছু ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানকে শূন্য শুল্কের আওতায় রাখা হয়েছে। এর মধ্যে বিরল রোগের চিকিৎসার ওষুধ, বন্ধ্যত্ব চিকিৎসায় ব্যবহৃত ওষুধ এবং কোষ ও জিনভিত্তিক থেরাপির জন্য প্রয়োজনীয় ওষুধ রয়েছে।
বাংলাদেশের পাশাপাশি শুল্কমুক্ত সুবিধা পাওয়া দেশের তালিকায় রয়েছে ভারত, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ইউরোপীয় ইউনিয়ন, গুয়াতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, উত্তর মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, লিশটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও ভিয়েতনাম।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্প্রসারণ আইনের ২৩২ ধারার আওতায় ওষুধ ও ওষুধের কাঁচামাল আমদানিতে শুল্ক কাঠামো পুনর্বিন্যাসের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর এর বাস্তবায়ন শুরু হয়।
নতুন ব্যবস্থায় কিছু নির্দিষ্ট পেটেন্ট করা ওষুধ এবং সংশ্লিষ্ট কাঁচামালের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের উদ্যোগ নেওয়া হলেও তালিকাভুক্ত বিশেষায়িত পণ্যের ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে।
মার্কিন বাণিজ্য বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বিদ্যমান কিংবা সামনে আসতে যাওয়া বাণিজ্য ও নিরাপত্তা কাঠামো বিবেচনায় নিয়ে শুল্কছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে জেনেরিক ওষুধ এবং সেগুলোর সংশ্লিষ্ট উপাদান ধারা ২৩২-এর আওতায় আরোপিত ওষুধ শুল্কের বাইরে থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বাণিজ্য বিভাগের নোটিশে ওষুধের শ্রেণিবিন্যাস ও সংজ্ঞাতেও কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে ‘জেনেরিক ওষুধ সামগ্রী’র সংজ্ঞা সংশোধন করে পেটেন্টবিহীন পশুস্বাস্থ্য পণ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া ‘ওষুধ সামগ্রী’ বলতে প্রস্তুতকৃত ওষুধ, সক্রিয় ঔষধীয় উপাদান (এপিআই) এবং এসব উপাদান তৈরির মূল কাঁচামালকে বোঝানো হবে বলে বিজ্ঞপ্তিতে পরিষ্কার করা হয়েছে।