তিশার আকুতি • মায়ের অসুস্থতায় উদ্বিগ্ন তাসনুভা তিশা, দোয়া চাইলেন সবার কাছে।
২৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে আর্থিক লেনদেন সংক্রান্ত কথোপকথনের একটি ভিডিও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) পিডিবির তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরের জারি করা এক দপ্তরাদেশে এ তথ্য জানানো হয়।
দপ্তরাদেশে বলা হয়েছে, নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিনের বিরুদ্ধে আর্থিক লেনদেন সংক্রান্ত কথোপকথনের একটি ভিডিও গণমাধ্যমে প্রচারিত হওয়ায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (কর্মচারী) চাকরি বিধিমালা, ১৯৮২-এর ১৪১(১) বিধির অধীনে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই বিধি অনুযায়ী তাকে পিডিবির চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভিডিওর একটি অংশে নুরুল আমিনকে কথোপকথনের সময় বড় অঙ্কের অর্থের প্রসঙ্গ তুলতে শোনা যায়।
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘এসি স্যার রাজি হয়ে গেছে কোনো একটা কারণে, আমি দুই কোটি টাকা থেকে নড়বো না। ছয় কোটি টাকা তিনগুণ না, আমি দুই কোটি টাকার কমে নড়বো না। চেয়ারম্যানের কাছে যেতে হলে যাব। দেখি চেয়ারম্যান কী কয়।’ আরও এক পর্যায়ে তাকে একটি বিলের প্রসঙ্গে অর্থ নেওয়া এবং মালামাল আত্মসাতের অভিযোগ নিয়ে কথা বলতে শোনা যায়। তবে ভিডিওতে করা এসব বক্তব্যের সত্যতা বা এর পেছনের প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ভিডিওটির আরেকটি অংশে কয়েকজন ব্যক্তির কাছ থেকে নগদ টাকা গ্রহণ করতে দেখা যায়। তবে তাদের মুখ দেখা যায়নি এবং তাদের পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওতে অর্থের পরিমাণ নিয়ে কথোপকথনের একটি অংশে একজনকে বলতে শোনা যায়, ‘এখানে ৩৫ স্যার।’ এর জবাবে নির্বাহী প্রকৌশলী বলেন, ‘এক লাখ ৩৫।’ তখন ওই ব্যক্তি বলেন, ‘আগে দিয়েছি এক লাখ স্যার।’
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি পিডিবির নজরে আসে। এ বিষয়ে পিডিবি চেয়ারম্যান মো. রেজাউল করিম সংবাদমাধ্যমকে বলেন, ভিডিওটির বিষয়ে জানার পরপরই তিনি সংশ্লিষ্ট বিভাগকে ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন। তিনি বলেন, ‘আমি ইতোমধ্যেই তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছি এবং তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরুর নির্দেশ দিয়েছি। এটি শেষ হলে তার চাকরির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ পিডিবি চেয়ারম্যান আরও বলেন, প্রতিষ্ঠানের ভেতরে থাকা কোনো অসাধু ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পিডিবি পিছপা হবে না।