শাহরুখের রাজত্ব • সম্পদ কমলেও ভারতের ধনী অভিনেতার শীর্ষে শাহরুখ খান।
২৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৮ অপরাহ্ণ
গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ধোলাইখালে মেয়র সাদেক হোসেন খোকা মাঠে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে’ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা-৬ আসনের সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া ও কোতোয়ালি ওয়ার্ড বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চালু আছে, চালু থাকবে। প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। প্রত্যেক খুনির বিচার করা হবে।’ তিনি বলেন, যারা দেশে গণহত্যা চালিয়েছে এবং মানুষের বুকে গুলি চালিয়েছে, তাদের কোনো ক্ষমা নেই। গত ১৭ বছরে যারা গুম-খুনের শিকার হয়েছেন এবং যারা বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদেরও বিচারের আওতায় আনতে হবে।
বিএনপির এই নেতা বলেন, যে সরকার বিনা ভোটে দেশ পরিচালনা করেছে এবং গণতন্ত্রকে ‘সিস্টেম্যাটিক্যালি হত্যা’ করেছে, তারা দেশের ইতিহাসে একটি লজ্জাজনক অধ্যায় তৈরি করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতার পর এ দেশের মানুষ সবচেয়ে বর্বর হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সেই বাহিনী ও ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশের মাটিতে আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, পতিত আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত হয়ে নিয়মিত জুম মিটিং করছে এবং নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছে। তারা ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে প্রচার করছে বলেও মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা চাই তিনি দেশে ফিরুন এবং বিচারের মুখোমুখি হোন।’ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যাবর্তনের অনুরোধ জানানো হয়েছে। তবে ভারত সরকার এখনো এ বিষয়ে কোনো জবাব দেয়নি।
মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত আসামি ও তাদের সহযোগীরা যেসব দেশে অবস্থান করছেন, সেসব দেশের প্রতি তাদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, বাংলাদেশে তাদের বিচার হয়েছে। প্রয়োজনে তারা আপিলের সুযোগ চাইলে সেই সুযোগ দেওয়া হবে। দেশে ফিরলে সুষ্ঠু ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
সরকারের বয়স মাত্র সাত মাস উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, এরই মধ্যে যারা সরকার পতনের এক দফার ঘোষণা দিচ্ছেন, তাদের কর্মকাণ্ড নিয়েও জনগণকে ভাবতে হবে। বিএনপি ও আন্দোলনের সহযোগীরা বসে বসে এসব কর্মকাণ্ড দেখবে- এমনটি ভাবার সুযোগ নেই। তিনি বলেন, বিএনপি দেশের স্থিতিশীলতা রক্ষা করতে চায়, গণতন্ত্রকে সুসংহত করতে চায় এবং এমন সাংবিধানিক পরিবর্তন আনতে চায়, যাতে ভবিষ্যতে দেশে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের উত্থান না ঘটে।
সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেওয়ার জন্য সরকার সবাইকে আহ্বান জানিয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, তারা সেখানে অংশ না নিয়ে রাস্তায় নেমেছে এবং লংমার্চ করেছে। একবার উত্তরে, আবার দক্ষিণে লংমার্চ করা হয়েছে। সামনে পূর্ব ও পশ্চিমেও লংমার্চ করার কথা শোনা যাচ্ছে। তিনি প্রশ্ন রাখেন, সাধারণত সরকারের চার বছর পর তীব্র আন্দোলনের ঘোষণা দেখা যায়। কিন্তু সরকারের ছয়-সাত মাসের মধ্যেই এমন কী ব্যর্থতা দেখা গেল যে সরকারের বিরুদ্ধে লংমার্চের ঘোষণা দিতে হলো?
জ্বালানি তেলের দাম প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি ও জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা বলা হচ্ছে। কিন্তু সারা বিশ্বে জ্বালানি তেলের দাম কত বেড়েছে, সেটি বলা হচ্ছে না। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের অনেক দেশে জ্বালানি তেলের দাম বাংলাদেশের তুলনায় দ্বিগুণ বা তিনগুণ পর্যন্ত বেড়েছে বলে দাবি করেন তিনি। জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে বিএনপির নেতা তারেক রহমান এক মাস পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়াননি। পরে সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার এবং আন্তর্জাতিক দরের সঙ্গে ভারসাম্য রক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে সীমিত পরিমাণে দাম বাড়ানো হয়েছে।
গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ। সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ ছাড়া বক্তব্য দেন মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার, সাইদুর রহমান মিন্টুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।