শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

আজ বিশ্ব স্বপ্ন দেখা দিবস


আজ ২৫ সেপ্টেম্বর, ‘বিশ্ব স্বপ্ন দেখা দিবস’। ঘুমন্ত চোখের অবাস্তব কল্পনা থেকে বেরিয়ে নিজের লক্ষ্য নির্ধারণ এবং তাকে বাস্তবে রূপ দেওয়ার তাগিদ নিয়েই বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিনটি। বিশেষজ্ঞরা বলছেন, নিছক আইডিয়ার গণ্ডি পেরিয়ে পরিকল্পনা ও কর্মতৎপরতাই পারে একটি স্বপ্নকে সফলতার মুখ দেখাতে।

২৫ সেপ্টেম্বর ২০২৬, ৩:২৩ অপরাহ্ণ 

আজ বিশ্ব স্বপ্ন দেখা দিবস
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আজ ২৫ সেপ্টেম্বর বিশ্ব স্বপ্ন দেখা দিবস। ২০১২ সালে কলম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষক ও রূপান্তর কৌশলবিদ ওজিওমা এগুওনউ এই দিবসটি প্রবর্তন করেন। মানুষের ভেতরের সৃজনশীলতা ও সম্ভাবনাকে জাগিয়ে তুলতে এবং ব্যক্তিগত ও সমষ্টিগত স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যেই দিনটির যাত্রা শুরু হয়েছিল।

স্বপ্ন মানুষকে শুধু ভবিষ্যতের কল্পনায় ডুবিয়ে রাখে না, বরং সেই স্বপ্ন পূরণের পথও দেখায়। ব্যক্তিগত চাওয়া-পাওয়া থেকে শুরু করে সামাজিক বা বিশ্বকল্যাণ- প্রত্যেক মানুষের মনেই কমবেশি কোনো না কোনো স্বপ্ন লালিত হয়। ঘুমহীন রাতে জেগে দেখা সেই স্বপ্নই অনেক সময় মানুষকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়।

মানবসভ্যতার ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীর বড় বড় উদ্ভাবন, শিল্প-সাহিত্য ও পরিবর্তনের শুরু হয়েছিল কারও না কারও সুদূর প্রসারী ভাবনা বা স্বপ্ন থেকে। বছরের পর বছর ধরে মানুষের কল্পনাশক্তিই রূপ নিয়েছে নানা বৈজ্ঞানিক আবিষ্কার কিংবা কালজয়ী সৃষ্টিতে। অর্থাৎ, স্বপ্ন কেবল মনে রাখার বিষয় নয়, এর পেছনে প্রয়োজন সঠিক পরিকল্পনা, চেষ্টা ও কঠোর পরিশ্রম।

মনোবিজ্ঞানীদের মতে, মানুষ সাধারণত ভবিষ্যতের অনিশ্চয়তা ও ব্যর্থতার ভয়ে নিজের বড় স্বপ্নগুলোকে দমিয়ে রাখে। তবে বিশ্ব স্বপ্ন দেখা দিবসের মূল তাৎপর্য হলো-ভয়কে জয় করে নিজের লক্ষ্য নিয়ে নতুন করে চিন্তা করা। একটি স্বপ্নকে যখন নির্দিষ্ট পরিকল্পনা এবং ডেডলাইনের মধ্যে নিয়ে আসা হয়, তখন তা আর কেবল ইচ্ছে বা কল্পনায় সীমাবদ্ধ থাকে না, বরং তা বাস্তবায়নের সম্ভাবনা বহুলাংশে বেড়ে যায়।

বিশেষ এই দিনটি নিজের ভেতরের সুপ্ত সম্ভাবনাকে ঝালাই করার উপযুক্ত সময়। আগামী কয়েক বছরে নিজেকে কোথায় দেখতে চান এবং সেই লক্ষ্যে পৌঁছাতে আজ থেকেই কোন ছোট পদক্ষেপটি নেওয়া উচিত-তার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা আজই করে ফেলা সম্ভব। সাহস, ধৈর্য আর নিয়মিত ছোট প্রচেষ্টাই পারে একটি সাধারণ স্বপ্নকে সফলতার শিখরে পৌঁছে দিতে।