‘কতটা খারাপ’ দেখতে ভিড়, চীনে অপ্রত্যাশিত বক্স অফিস সাফল্য ‘নিউ লাই’-এর
২০ আগস্ট ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির গঠনতন্ত্রের ৭(খ)(৬) ধারা অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
এর আগে গত ১৩ আগস্ট নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্র জমা দেওয়ার পরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগের পর বিএনপির দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক পদ মহাসচিবের পদটি শূন্য হয়।
বিএনপি সরকার ক্ষমতায় আসার পর গত ১৭ ফেব্রুয়ারি রুহুল কবির রিজভীকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। এরপর গত ১৫ আগস্ট রুহুল কবির রিজভীকে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়। এবার তাকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হলো।
রুহুল কবির রিজভীর পৈতৃক নিবাস কুড়িগ্রাম জেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ থেকে এবং ইতিহাস বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি আইন বিষয়ে স্নাতক ডিগ্রিও লাভ করেন।
উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর বামপন্থি বিপ্লবী ছাত্র ইউনিয়নের মাধ্যমে ছাত্ররাজনীতিতে তার হাতেখড়ি। তিনি বিপ্লবী ছাত্র ইউনিয়নের রাজশাহী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠার পর তিনি সংগঠনটিতে যোগ দেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদকের দায়িত্ব পালনের পর তিনি শাখাটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বও পালন করেন।
১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে রুহুল কবির রিজভী সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন। ১৯৯০ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনে তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর গত ১৫ আগস্ট জাতীয় স্থায়ী কমিটির সদস্য হন রিজভী। এবার দলটির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে নতুন দায়িত্ব পেলেন তিনি।