দেশে হাম ও এর উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১০৭
৬ জুলাই ২০২৬, ৯:১০ পূর্বাহ্ণ
বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দল ব্রাজিলের অপেক্ষা আরও দীর্ঘ হলো। ২০০২ সালের পর থেকে বিশ্বকাপ ট্রফি ছোঁয়ার স্বপ্ন দেখলেও সেই স্বপ্ন এবারও অধরাই রয়ে গেল। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে আসর থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
জাপান ও দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ২০০২ বিশ্বকাপে রোনালদো, রিভালদো ও রোনালদিনিয়োর নেতৃত্বে পঞ্চমবারের মতো বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর কেটে গেছে ২৪ বছর, কিন্তু আর শিরোপা ঘরে তুলতে পারেনি সেলেসাওরা। এবার লক্ষ্য ছিল বহু প্রতীক্ষিত ষষ্ঠ শিরোপা বা ‘হেক্সা’ পূরণ করা। তবে সেই স্বপ্নও শেষ হয়ে গেল নকআউট পর্বেই।
কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে শুরু থেকেই নিজেদের সেরা ছন্দে দেখা যায়নি ব্রাজিলকে। প্রথমার্ধে পেনাল্টি পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি ব্রুনো গিমারাইস। তার শট ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় নরওয়ে। দলের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড জোড়া গোল করে ব্রাজিলকে বড় ধাক্কা দেন। দুই গোলে পিছিয়ে পড়ার পর মরিয়া হয়ে আক্রমণে নামে সেলেসাওরা।
যোগ করা সময়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন নেইমার। তবে শেষ মুহূর্তের সেই গোল শুধু ব্যবধানই কমাতে পেরেছে, হার এড়াতে পারেনি ব্রাজিল। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে নরওয়ে।
২০০২ সালের পর প্রতিটি বিশ্বকাপেই অন্যতম ফেবারিট হিসেবে মাঠে নেমেছিল ব্রাজিল। কিন্তু সাফল্যের বদলে হতাশাই সঙ্গী হয়েছে দলটির। ২০০৬, ২০১০, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে। ২০১৪ সালে নিজেদের মাঠে সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের ঐতিহাসিক হার আজও ফুটবল ইতিহাসের অন্যতম বেদনাদায়ক অধ্যায় হয়ে আছে। আর এবার সেই হতাশার তালিকায় যুক্ত হলো শেষ ষোলো থেকেই বিদায়।
রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে মাঠজুড়ে নেমে আসে ব্রাজিল শিবিরের বিষণ্নতা। নেইমারসহ ফুটবলারদের হতাশ মুখ যেন আরও একবার মনে করিয়ে দিল, ২৪ বছরের শিরোপাখরা এখনও কাটেনি। বহু প্রতীক্ষিত 'হেক্সা'র স্বপ্ন আবারও অপূর্ণ রয়ে গেল। এখন সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য ব্রাজিলকে অপেক্ষা করতে হবে আরও চার বছর।