মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন


অর্ধবার্ষিক হিসাব সমাপনী (হাফ-ইয়ার ক্লোজিং) উপলক্ষে আগামীকাল বুধবার (১ জুলাই) 'ব্যাংক হলিডে' পালিত হবে। এদিন দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে সাধারণ গ্রাহকদের জন্য লেনদেন বন্ধ থাকবে। তবে ব্যাংকগুলোর প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখাগুলো খোলা রেখে সীমিত পরিসরে শুধু অভ্যন্তরীণ প্রশাসনিক ও হিসাবসংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা হবে।

৩০ জুন ২০২৬, ৪:১৬ অপরাহ্ণ 

আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আগামীকাল বুধবার (১ জুলাই) দেশজুড়ে 'ব্যাংক হলিডে'র কারণে সাধারণ ব্যাংকিং কার্যক্রম ও শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের বিধান অনুযায়ী, প্রতি বছর ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো তাদের অভ্যন্তরীণ হিসাব-নিকাশ চূড়ান্ত করার জন্য এই ছুটি পালন করে থাকে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জানুয়ারি থেকে জুন পর্যন্ত- এই ছয় মাসের আর্থিক হিসাবের হিসাব-নিকাশ চূড়ান্ত করে অর্ধবার্ষিক প্রতিবেদন প্রস্তুত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়।

কোনো ব্যাংকের শাখা থেকেই টাকা জমা বা উত্তোলন করা যাবে না। বন্ধ থাকবে চেক নিষ্পত্তি (Clearing), ডিমান্ড ড্রাফট ও পে-অর্ডার ইস্যুসহ শাখাভিত্তিক সব ধরনের ব্যাংকিং সেবা। একই সাথে দেশের শেয়ারবাজারের সব ধরনের লেনদেনও সম্পূর্ণ বন্ধ থাকবে।

লেনদেন বন্ধ থাকলেও বাংলাদেশ ব্যাংকসহ সব তফশিলি ব্যাংকের প্রধান কার্যালয় এবং কিছু গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। তবে এসব কার্যালয়ে কোনো গ্রাহক সেবা দেওয়া হবে না; কেবল ব্যাংকের অভ্যন্তরীণ প্রশাসনিক ও হিসাবসংক্রান্ত কাজ পরিচালিত হবে। শাখাভিত্তিক ব্যাংকিং বন্ধ থাকলেও গ্রাহকদের সুবিধার্থে এটিএম (ATM) বুথ, কার্ডভিত্তিক লেনদেন এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, রকেট, নগদ ইত্যাদি) সম্পূর্ণ স্বাভাবিকভাবে চালু থাকবে। তবে আন্তঃব্যাংক নিষ্পত্তিনির্ভর কিছু বিশেষ সেবা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) থেকে ব্যাংক ও শেয়ারবাজারের স্বাভাবিক লেনদেন আবার যথানিয়মে শুরু হবে।