মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড


জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আটটি অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে আনীত আটটি সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে তিনটি অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় ঘোষণা করেন।

৩০ জুন ২০২৬, ৪:১১ অপরাহ্ণ 

জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা ও নৃশংসতার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আদালত সূত্রে জানা যায়, এই মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে মোট আটটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত তিনটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে এই সাজা প্রদান করেন। বাকি পাঁচটি অভিযোগ প্রমাণিত না হওয়ায় সেগুলোতে তাকে খালাস দেওয়া হয়েছে।

২০২৫ সালের ২৫ মার্চ হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করে প্রসিকিউশনের তদন্ত দল। একই বছরের ১১ সেপ্টেম্বর তদন্ত দল তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন জমার পর, ২৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন।উভয় পক্ষের বিস্তারিত শুনানি শেষে গত বছরের ২ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল।

আজ রায় ঘোষণার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়া অঞ্চলে সংঘটিত নৃশংসতার আইনি বিচারিক প্রক্রিয়ার একটি বড় অংশের সমাপ্তি ঘটল। রায় ঘোষণার সময় আদালতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছিল।