পর্তুগালকে রুখে দিয়ে ডিআর কঙ্গোর ইতিহাস
১৯ জুন ২০২৬, ৮:৪২ অপরাহ্ণ
মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মতামত ও আবহাওয়ার বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় নির্ধারিত 'আইরন' (লোহা) রঙের পোশাক বাতিল করে পুলিশকে আগের চিরচেনা রঙে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। এ বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে একটি প্রজ্ঞাপন ও গেজেট প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত গেজেট অনুযায়ী, জেলা পুলিশসহ অন্যান্য ইউনিটের সদস্যদের জন্য 'গাঢ় নীল' রঙের শার্ট এবং সব মেট্রোপলিটন (মহানগর) পুলিশের জন্য 'হালকা অলিভ' বা জলপাই রঙের শার্ট নির্ধারিত হয়েছে। তবে শার্টের রঙে ভিন্নতা থাকলেও, এবার সব ইউনিটের পুলিশের প্যান্টের রঙ হবে এক অভিন্ন 'খাকি'।
উল্লেখ্য, এপিবিএন , এসপিবিএন, এসবি , সিআইডি এবং র্যাব এই নতুন নির্দেশনার আওতামুক্ত থাকবে। অর্থাৎ, তাদের বর্তমান পোশাকে কোনো পরিবর্তন আসছে না।
শুধু নিয়মিত ডিউটি পোশাকই নয়, পরিবর্তন আনা হয়েছে শীতকালীন পোশাকেও। আগের আইরন রঙের জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুলওভার পুরোপুরি বাতিল করা হয়েছে। এর পরিবর্তে এখন থেকে 'গাঢ় নীল' রঙের শীতকালীন পোশাক ব্যবহার করা হবে। তবে মহানগর (মেট্রোপলিটন) পুলিশের জ্যাকেটের রঙ শার্টের সাথে মিলিয়ে 'লাইট অলিভ' নির্ধারণ করা হয়েছে।
সংশোধিত এই বিধিমালায় গ্রীষ্মকালে অর্ধহাতা (হাফ স্লিভ) এবং শীতকালে পূর্ণহাতা (ফুল স্লিভ) শার্ট পরার আগের বিধানটি বহাল রাখা হয়েছে।
নতুন গেজেটে নারী পুলিশ সদস্যদের পোশাকেও স্পষ্ট পরিবর্তন আনা হয়েছে:
জেলা ও অন্যান্য ইউনিট: গাঢ় নীল শাড়ি এবং গাঢ় নীল ব্লাউজ।
মহানগর পুলিশ: গাঢ় নীল শাড়ির সাথে লাইট অলিভ রঙের ব্লাউজ।
হেড কভার: অনুমোদিত হেড কভারের রঙ বাধ্যতামূলকভাবে 'গাঢ় নীল' হতে হবে।
তবে গর্ভবতী নারী পুলিশ সদস্যদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে। তারা সংশ্লিষ্ট ইউনিট প্রধানের পূর্বানুমতি নিয়ে সাধারণ (সিভিল) পোশাক পরিধান করতে পারবেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীতে সংস্কারের অংশ হিসেবে পোশাক পরিবর্তনের দাবি ওঠে। এরই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, গত বছর (২০২৫) ২৫ নভেম্বর থেকে পুলিশ সদস্যরা 'আইরন' রঙের নতুন পোশাক পরা শুরু করেন।
তবে তড়িঘড়ি করে নেওয়া এই পরিবর্তনের পর মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে তীব্র মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বাহিনীর অভ্যন্তরীণ এক জরিপে দেখা যায়, অধিকাংশ সদস্যই অন্তর্বর্তী সরকারের নির্ধারিত পোশাকটির বিপক্ষে।
পরবর্তীতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর, গত ২৪ ফেব্রুয়ারি 'বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন' এক বিবৃতিতে এই পোশাক পরিবর্তনের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ জানায়। সংগঠনটি দাবি করে, আইরন রঙের পোশাকটি নির্বাচনের সময় আবহাওয়া, পুলিশ সদস্যদের গায়ের রঙ এবং মাঠপর্যায়ের মতামত উপেক্ষা করা হয়েছিল। এছাড়া অন্য কিছু ইউনিফর্মধারী সংস্থার সাথে এই পোশাকের হুবহু সাদৃশ্য থাকায় সাধারণ মানুষের পক্ষে পুলিশ চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছিল।
পুলিশ সদস্যদের এই যৌক্তিক আপত্তি ও জনমত যাচাইয়ের অভাব দূর করতেই সরকার পুনরায় পুলিশের ঐতিহ্যবাহী রঙে ফিরে যাওয়ার এই চূড়ান্ত সিদ্ধান্ত নিল।