শনিবার, ১৩ জুন, ২০২৬

ইতিহাসের প্রথম ‘ট্রিলিয়নিয়ার’ হওয়ার পথে ইলন মাস্ক


বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার বা লাখ কোটিপতির মর্যাদার খুব কাছাকাছি পৌঁছে গেছেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ও মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তার মালিকানাধীন মহাকাশ গবেষণা ও প্রযুক্তি প্রতিষ্ঠান ‘স্পেসএক্স’ শেয়ারবাজারে আসার আনুষ্ঠানিক ঘোষণার পর নতুন করে আলোচনায় উঠে এসেছে তার সম্পদের পরিমাণ। বিশ্লেষকদের মতে, স্পেসএক্সের শেয়ারের দাম আরও বৃদ্ধি পেলে ইলন মাস্ক আনুষ্ঠানিকভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে স্বীকৃতি পেয়ে এক নতুন বৈশ্বিক ইতিহাস গড়বেন।

১২ জুন ২০২৬, ৯:১৫ অপরাহ্ণ 

ইতিহাসের প্রথম ‘ট্রিলিয়নিয়ার’ হওয়ার পথে ইলন মাস্ক
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সম্প্রতি স্পেসএক্স কর্তৃপক্ষ তাদের প্রতি শেয়ারের মূল্য ১৩৫ ডলার নির্ধারণ করেছে। এর ফলে প্রতিষ্ঠানটির সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৭৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা করপোরেট ইতিহাসের অন্যতম বড় প্রাথমিক শেয়ার ছাড় হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, স্পেসএক্সের প্রায় অর্ধেক শেয়ারের মালিকানা রয়েছে খোদ ইলন মাস্কের হাতে। বর্তমান বাজারমূল্য হিসাব করলে শুধু স্পেসএক্সেই মাস্কের শেয়ারের মূল্য দাঁড়ায় প্রায় ৮৬৭ বিলিয়ন ডলার। এর সঙ্গে তার জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের মূল্য যোগ করলে এই দুই প্রতিষ্ঠানেই তার মোট সম্পদের পরিমাণ ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলার বা এক লাখ ১০ হাজার কোটি ডলারের বেশি ছাড়িয়ে যায়।

ব্লুমবার্গ ও ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নেয়ারদের হিসাব অনুযায়ী, মাস্ক ইতোমধ্যেই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন। তবে স্পেসএক্সের এই পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর হওয়ার প্রক্রিয়াটি তাকে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ারের খেতাব এনে দিতে মূল ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন অর্থনৈতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে মাস্কের একক সম্পদের পরিমাণ বিশ্বের পরবর্তী চার শীর্ষ ধনীর সম্মিলিত সম্পদের প্রায় সমান।

তবে প্রযুক্তি ও অর্থনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন, মাস্কের এই বিশাল সম্পদের একটি বড় অংশ ভবিষ্যতে তার নির্দিষ্ট কিছু লক্ষ্য অর্জনের সঙ্গে যুক্ত। বিশেষ করে, মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপন এবং মহাকাশভিত্তিক তথ্যকেন্দ্র তৈরির মতো উচ্চাভিলাষী বৈজ্ঞানিক পরিকল্পনাগুলো সফল হলে তিনি পুরস্কার হিসেবে আরও বিপুল পরিমাণ নতুন শেয়ার লাভ করবেন।

স্পেসএক্সের শেয়ারবাজারের এই নতুন যাত্রার ওপর এখন বিশ্ব পুঁজিবাজার ও প্রযুক্তি খাতের গভীর নজর রয়েছে। কারণ, এর হাত ধরেই বিশ্ব অর্থনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন ইলন মাস্ক।