আজ পবিত্র হজ, বৃহস্পতিবার দেশে উদযাপিত হবে ঈদুল আজহা
২৭ মে ২০২৬, ২:৩৪ অপরাহ্ণ
দীর্ঘদিন পর নতুন গান নিয়ে শ্রোতাদের মাঝে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। আসন্ন কোরবানির ঈদে প্রকাশ পেতে যাচ্ছে তার নতুন অ্যালবাম ‘মাওলা’। সোমবার বালামের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অ্যালবামের টাইটেল গান ‘মাওলা’-এর মিউজিক ভিডিও অবমুক্ত করা হয়েছে।
‘মাওলা মাওলা মাওলা, তুই পানা দেরে মাওলা’-এমন আধ্যাত্মিক ও আবেগঘন কথায় গানটি যৌথভাবে লিখেছেন রশিদ নিউটন ও বালাম নিজেই। গানটির ভিডিও চিত্র পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। গানটি প্রকাশ উপলক্ষে সম্প্রতি এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল, যেখানে বালামের পরিবার এবং সংগীতাঙ্গনে তার কাছের মানুষেরা উপস্থিত ছিলেন।
গানটি তৈরির পেছনের গল্প জানিয়ে বালাম বলেন, প্রায় ছয় বছর আগে এই গানটির কাজ শুরু হয়েছিল। বিশেষ করে কোভিড মহামারীর সময়ে আমাদের সবাইকে যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল, তখন বারেবারে মনে হয়েছে মাওলা ছাড়া আমাদের পরিত্রাণের আর কেউ নেই। সেই সময় এক মধ্যরাতে ‘মাওলা’ গানের প্রথম দুই লাইন আমার মাথায় আসে। এরপর তাৎক্ষণিকভাবে তাতে সুর দেই এবং পরে গীতিকার রশিদ নিউটনের সঙ্গে শেয়ার করি। এভাবেই আস্তে আস্তে পুরো গানটি তৈরি হয়।
নেপালের বরফাবৃত কালিনচকে গানটির দৃশ্যধারণ করা হয়েছে। এই মিউজিক ভিডিওতে বালামের বিপরীতে পর্দায় হাজির হয়েছেন তার স্ত্রী সাগুফতা ফারুক। সাগুফতা নিজের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, "এ গানে আমাকে কিছু সময়ের জন্য দেখা যাবে। প্রতিকূল আবহাওয়ার কারণে সেখানে আমার নিজের শ্বাসপ্রশ্বাসে সমস্যা হচ্ছিল, কিন্তু এরপরও অংশু ভাই কাজটি সুন্দরভাবে করিয়ে নিয়েছেন। আসলে বালাম অসম্ভব পরিশ্রমী একজন মানুষ। আমরা সবাই চাই, গানে যেন সে আর দীর্ঘ বিরতি না নেয়।"
নির্মাতা তানিম রহমান অংশু জানিয়েছেন, গানের ভিডিওতে বালাম যে বিশেষ পোশাকটি পরেছেন, সেটির ডিজাইন এই শিল্পী নিজেই করেছেন। সব মিলিয়ে দারুণ এক অডিও-ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিয়ে কোরবানির ঈদে শ্রোতা-দর্শকদের মন জয় করতে আসছে বালামের ‘মাওলা’।