শনিবার, ২৩ মে, ২০২৬

রাষ্ট্র পরিচালনায় চরম ব্যর্থতার অভিযোগ এনসিপির, ‘নিরাপত্তাহীনতায় ভুগছে জনগণ’


নবনির্বাচিত সরকারের বিরুদ্ধে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেছেন, নির্বাচনের পর দেশে খুন, ধর্ষণ ও নাগরিক নিরাপত্তাহীনতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। পরিস্থিতির উন্নতি না হলে জনগণ আবারও রাজপথে নামতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
রাষ্ট্র পরিচালনায় চরম ব্যর্থতার অভিযোগ এনসিপির, ‘নিরাপত্তাহীনতায় ভুগছে জনগণ’
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এর কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শুক্রবার (২২ মে) বিকেলে আয়োজিত এক নাগরিক যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের শিক্ষক, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী ও শিল্পীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের দলটিতে আনুষ্ঠানিক যোগদান উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার কারণেই দেশ একাধিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি দাবি করেন, দেশের নাগরিকরা, বিশেষ করে নারী ও মায়েরা এখন ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছেন। নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে না পারাকে রাজনৈতিক নেতৃত্বের জন্য লজ্জাজনক বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, দায়িত্ব পালনে অনীহা স্পষ্ট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে। দেশে সাম্প্রতিক সময়ে গলা কেটে হত্যার মতো অপরাধ বৃদ্ধির প্রসঙ্গ তুলে এনসিপির এই নেতা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে আরও সতর্ক হতে হবে। এসব ঘটনার পেছনে কোনো অভ্যন্তরীণ বা বহিঃশত্রুর ষড়যন্ত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।

আসিফ মাহমুদ আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় নির্বাচিত সরকার না থাকাকে কেন্দ্র করে মব জাস্টিস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ব্যাখ্যা দেওয়া হয়েছিল। কিন্তু নির্বাচনের পরও পরিস্থিতির উন্নতি হয়নি, বরং আরও অবনতি হয়েছে বলে দাবি করেন তিনি। বিশ্বজুড়ে তরুণদের রাজনৈতিক সচেতনতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২০২৪ সালে বাংলাদেশের জেন-জি ও যুবসমাজের গণঅভ্যুত্থান বিশ্বে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। পাশাপাশি ভারতে উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির বিরুদ্ধেও তরুণদের নতুন প্রতিবাদী ভাষা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী ও স্থানীয় নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আসিফ মাহমুদ বলেন, অতীতের মতো ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে হামলার সংস্কৃতি আবারও ফিরে আসছে। তিনি অভিযোগ করেন, সরকারি দল বিরোধীদের দমন-পীড়নের কৌশল নিয়েছে, যা দেশের জন্য অশনিসংকেত। তিনি আরও বলেন, “এই লড়াই কোনো নির্দিষ্ট দল বা মতাদর্শের বিরুদ্ধে নয়, এটি পুরো একটি প্রজন্মের বিরুদ্ধে লড়াই। শেখ হাসিনা এ প্রজন্মের সঙ্গে সংঘাতে জড়িয়ে ভুল করেছিলেন, আশা করি তারেক রহমান সেই ভুল করবেন না।”

ভিডিও ফুটেজ ও ছবির মাধ্যমে শনাক্ত হামলাকারীদের শুক্রবার রাতের মধ্যেই গ্রেফতারের দাবি জানান তিনি। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। এছাড়া বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবসহ অন্য নেতারা। অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।