নির্বাচনের পথে বিসিবি, গঠন হচ্ছে নির্বাচন কমিশন
৬ মে ২০২৬, ৯:১৩ পূর্বাহ্ণ
নৃশংস হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির প্রতি সম্মান জানিয়ে তাদের মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার (৫ মে) আনুষ্ঠানিকভাবে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে চিঠি দিয়ে এ তথ্য জানিয়েছে।
চিঠিতে জানানো হয়, আগামী ৯ মে অনুষ্ঠিতব্য বসন্তকালীন সমাবর্তনে এই ডিগ্রি প্রদান করা হবে। নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণের জন্য কনস্যুলেটের একজন প্রতিনিধিকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। সে অনুযায়ী মিয়ামি কনস্যুলেটের একজন প্রতিনিধি অনুষ্ঠানে অংশ নিয়ে এই সম্মাননা গ্রহণ করবেন।
এদিকে স্থানীয় সময় বুধবার (৬ মে) দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরদিন ৭ মে তার মরদেহ ঢাকার উদ্দেশ্যে পাঠানো হবে। দুবাই হয়ে মরদেহটি ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে বলে জানা গেছে।
খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক জামিল আহমেদ লিমন (২৭) যুক্তরাষ্ট্রে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা নিচ্ছিলেন।
গত ১৬ এপ্রিল তারা নিখোঁজ হন। দীর্ঘ সময় ধরে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় পরিবারের সদস্যরা বিশ্ববিদ্যালয় এলাকার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।
পরবর্তীতে এ ঘটনায় জড়িত সন্দেহে জামিলের রুমমেট, মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে তার পারিবারিক বাসা থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গত ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় কালো ব্যাগের ভেতর থেকে জামিলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয় বলে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে। এই মর্মান্তিক ঘটনায় আবুঘরবেহর বিরুদ্ধে দুটি ফার্স্ট ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি বাংলাদেশসহ প্রবাসী মহলে ব্যাপক শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে।