নির্বাচনের পথে বিসিবি, গঠন হচ্ছে নির্বাচন কমিশন
৫ মে ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ সচিবালয়ে ইউএনএইচসিআর-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইসেনের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে আন্তর্জাতিক তহবিলে উল্লেখযোগ্য হ্রাসের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সাক্ষাৎকালে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক অর্থায়ন, এবং তাদের প্রত্যাবাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ মানবিক কারণে বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে। কিন্তু বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে।
তিনি আরও বলেন, রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি এখন সময়ের দাবি। দেশের আর্থ-সামাজিক ও ভৌগোলিক বাস্তবতায় শরণার্থী ক্যাম্পের আয়তন বাড়ানো কঠিন। তাই এ সংকটের স্থায়ী সমাধানে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের ওপর জোর দেন তিনি।
বর্তমান বৈশ্বিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী বলেন, গাজা সংকট, ইউক্রেন যুদ্ধ এবং ইসরাইল-ইরান ইস্যুসহ বিভিন্ন আন্তর্জাতিক পরিস্থিতির কারণে রোহিঙ্গা সংকট যেন বিশ্ব সম্প্রদায়ের নজরের বাইরে চলে না যায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এ ইস্যুটি আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে গুরুত্বসহকারে তুলে ধরতে জাতিসংঘ ও ইউএনএইচসিআর-কে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এসময় ইউএনএইচসিআর প্রতিনিধিরা আগামী ২০ মে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা শরণার্থী সংক্রান্ত ‘জয়েন্ট রেসপন্স প্ল্যান’ উপস্থাপনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান। বৈঠকে ইভো ফ্রেইসেন নতুন দায়িত্ব গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান এবং উপসচিব বেগম মিনারা নাজমীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।