সোমবার, ৪ মে, ২০২৬

জিমেইলে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা চালু, বাড়বে ই-মেইলের নিরাপত্তা


গুগল তাদের জনপ্রিয় ই-মেইল সেবা জিমেইল-এ আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা চালু করেছে, যা ই-মেইলের তথ্য সুরক্ষা আরও শক্তিশালী করবে।

৪ মে ২০২৬, ৯:১১ পূর্বাহ্ণ 

জিমেইলে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা চালু, বাড়বে ই-মেইলের নিরাপত্তা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল তাদের ই-মেইল সেবা জিমেইল-এ নতুন নিরাপত্তা সুবিধা যুক্ত করেছে। আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চালু হওয়া এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তির ফলে এখন স্মার্টফোন থেকেই নিরাপদভাবে এনক্রিপ্টেড ই-মেইল পাঠানো যাবে। পর্যায়ক্রমে এ সুবিধা সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গুগলের তথ্যমতে, প্রথমবারের মতো জিমেইলের মোবাইল সংস্করণ ব্যবহারকারীরা সরাসরি অ্যাপ থেকেই এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা ব্যবহার করে ই-মেইল আদান-প্রদান করতে পারবেন। এ সুবিধা ব্যবহারের জন্য প্রেরক বা প্রাপক- কাউকেই আলাদা কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না। তবে সব ই-মেইল স্বয়ংক্রিয়ভাবে এনক্রিপ্টেড হবে না। ব্যবহারকারীদের এনক্রিপ্টেড ই-মেইল পাঠাতে বার্তা লেখার পর লক আইকনে ক্লিক করে ‘অ্যাডিশনাল এনক্রিপশন’ অপশন চালু করতে হবে। এরপর পাঠানো ই-মেইল প্রাপকের ইনবক্সে সাধারণ ই-মেইলের মতোই দেখা যাবে, কিন্তু তা থাকবে নিরাপদে সুরক্ষিত।

এন্ড-টু-এন্ড এনক্রিপশন মূলত একটি নিরাপদ যোগাযোগ পদ্ধতি, যেখানে বার্তা প্রেরণের সময়ই বিশেষ কোডে রূপান্তর করা হয় এবং শুধুমাত্র নির্দিষ্ট প্রাপকই সেটি ডিকোড করে পড়তে পারেন। ফলে তৃতীয় কোনো পক্ষ, এমনকি সেবা প্রদানকারী প্ল্যাটফর্মও বার্তার তথ্য জানতে পারে না। নতুন এই সুবিধা চালুর ফলে ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগে তথ্য সুরক্ষা আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: ব্লিপিং কম্পিউটার