বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ


ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার প্রকাশিত এ গেজেটে বিএনপি জোট, জামায়াত জোট ও স্বতন্ত্র জোটের প্রার্থীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

৩০ এপ্রিল ২০২৬, ৯:০০ অপরাহ্ণ 

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে ৪৯ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ স্বাক্ষরিত এ গেজেট প্রকাশ করা হয়।

ইসি জানায়, মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর মনোনয়ন জমা দেওয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের আবেদন আলাদা প্রক্রিয়ায় বিবেচনায় রয়েছে। বাকি প্রার্থীদের মধ্যে যাচাই-বাছাই শেষে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন- মোট ৪৯ জন বৈধ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

বিএনপি জোট থেকে নির্বাচিত ৩৬ জন নারী সংসদ সদস্যের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

জামায়াত জোট থেকে নির্বাচিত ১২ জন হলেন -নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, ইঞ্জি. মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, ডা. মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও ইঞ্জি. মাহবুবা হাকিম। এছাড়া স্বতন্ত্র জোট থেকে সুলতানা জেসমিনকে এমপি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান জানান, জোটগুলোর মধ্যে আসন বণ্টনের ভিত্তিতে প্রতিটি আসনে একাধিক প্রার্থী না থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি।

অন্যদিকে, জামায়াত জোটের প্রার্থী নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে মনোনয়নপত্র দাখিল করলেও আদালতের নির্দেশে তা গ্রহণ করা হয়েছে। আগামী শনিবার তার মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সরকারি চাকরি থেকে অবসরের তিন বছর পূর্ণ না হওয়ায় জামায়াত জোটের আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হলে তড়িঘড়ি করে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র দাখিল করা হয়।