সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

ঐতিহাসিক রান করে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ


১৮৩ রানের বড় লক্ষ্য—কাগজে-কলমে কঠিন মনে হলেও মাঠে সেটিকে সহজ করে দেখাল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দুই ওভার হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নিয়েছে টাইগাররা, গড়ে তুলেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল–এর বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

২৭ এপ্রিল ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ 

ঐতিহাসিক রান করে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

চট্টগ্রামে সোমবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাট করে নিউজিল্যান্ড। ব্যাটিংবান্ধব উইকেটে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান তোলে সফরকারীরা। ওপেনিং জুটির আক্রমণাত্মক শুরুতেই বড় সংগ্রহের ভিত পায় কিউইরা। পাওয়ার প্লেতে ৬১ রান তোলার পর দ্রুতই দলীয় শতরান ছুঁয়ে ফেলে তারা।

দলের হয়ে ওপেনার কাটেনে ক্লার্ক ও ডেন ক্লেভার দুজনই অর্ধশতক করেন। অধিনায়ক নিক কেলি ও জশ ক্লার্কসনও কার্যকর ইনিংস খেলেন। বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন নেন ২টি উইকেট, আর শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মাহেদি হাসান পান একটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ইতিবাচক ছিল বাংলাদেশের ওপেনিং জুটি। পাওয়ার প্লেতে ৪৪ রান তুললেও ষষ্ঠ ওভারে ১৭ রান করে ফিরে যান সাইফ হাসান। এরপর তানজিদ হাসানের সঙ্গে ইনিংস গড়তে থাকা অধিনায়ক লিটন দাস ২১ রান করে আউট হলে কিছুটা চাপে পড়ে দল।

সেই চাপ সামাল দেন তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন। দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। ১৪ বলে ২৮ রানের ক্যামিও খেলে ইমন আউট হলেও এরপর শামীম হোসেনকে নিয়ে ঝড় তোলেন হৃদয়।

শেষদিকে এই জুটির বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচ পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে আসে। হৃদয় তুলে নেন দারুণ এক ফিফটি এবং ম্যাচসেরা হন। শামীমও খেলেন গুরুত্বপূর্ণ ইনিংস। শেষ পর্যন্ত ১৮ ওভারেই ৪ উইকেট হারিয়ে ১৮৩ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।

এই জয়ের মাধ্যমে টি-টোয়েন্টি ফরম্যাটে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ।