মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন-২০২৬ স্থগিত


সারা দেশে তীব্র জ্বালানিসংকটের কারণে নির্ধারিত বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন-২০২৬ স্থগিত করা হয়েছে। বার সমিতিগুলোর অনুরোধ বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

১৬ এপ্রিল ২০২৬, ১০:২১ পূর্বাহ্ণ 

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন-২০২৬ স্থগিত
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সারাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিল-এর সদস্য নির্বাচন-২০২৬ স্থগিত করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাতে বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে চলমান তীব্র জ্বালানিসংকটের কারণে নির্বাচনী কার্যক্রম ও প্রচারণা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে নির্বাচন স্থগিত রাখাই যৌক্তিক মনে করেছেন কাউন্সিল সদস্যরা।

আগামী ১৯ মে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই নির্বাচনে সাধারণ আসনের ৭টি এবং আঞ্চলিক আসনের ৭টি- মোট ১৪টি পদে ভোটগ্রহণের প্রস্তুতি চলছিল।

বার কাউন্সিল জানায়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন বার সমিতির অনুরোধ বিবেচনায় নিয়ে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত ২ এপ্রিল অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে ১৯ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছিল। ওই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)। সভায় কাউন্সিলের বিভিন্ন কমিটির চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রতি তিন বছর অন্তর বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১৪টি পদে ভোট হয় ,এর মধ্যে সাধারণ আসনে ৭ জন এবং অঞ্চলভিত্তিক আইনজীবী সমিতি থেকে আরও ৭ জন নির্বাচিত হন। নির্বাচিত ১৪ সদস্যের ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন, আর অ্যাটর্নি জেনারেল পদাধিকারবলে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে এডহক কমিটির মাধ্যমে বার কাউন্সিলের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।