বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

শাহজালাল বিমানবন্দরে আজও ২৬ ফ্লাইট বাতিল


মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণার প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ। বৃহস্পতিবার আরও ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

১৯ মার্চ ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ 

শাহজালাল বিমানবন্দরে আজও ২৬ ফ্লাইট বাতিল
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এর ফ্লাইট পরিচালনায়।

বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, আজ মোট ২৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এর ফলে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত বাতিল হওয়া মোট ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৬১৪টি।

বেবিচকের তথ্য অনুযায়ী, যুদ্ধপরিস্থিতির কারণে আকাশপথ বন্ধ থাকায় ঢাকা থেকে বিভিন্ন দিনে একাধিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ৩২টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি, ১৪ মার্চ ২৬টি, ১৫ মার্চ ২৩টি, ১৬ মার্চ ৩১টি, ১৭ মার্চ ৩১টি, ১৮ মার্চ ২৬টি এবং ১৯ মার্চ (বৃহস্পতিবার) ২৬টি ফ্লাইট বাতিল হয়েছে।

আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েতগামী ৪টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ৬টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের ২টি ফ্লাইট। এছাড়া জাজিরা এয়ারওয়েজ (কুয়েত) ৪টি এবং ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত) ৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশপথ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে পরিবর্তন অব্যাহত থাকতে পারে। তাই যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।