শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

শিক্ষার্থী, প্রতিবন্ধী ও জ্যেষ্ঠ নাগরিকদের ট্রেন ও মেট্রোরেলে ২৫% ভাড়া ছাড়


দেশের সাধারণ শিক্ষার্থী, বিশেষ সুবিধাসম্পন্ন ব্যক্তি এবং ৬৫ বছর ঊর্ধ্ব জ্যেষ্ঠ নাগরিকদের জন্য রেলপথে যাতায়াতে ২৫ শতাংশ ভাড়া ছাড়ের ঘোষণা দিয়েছে সরকার। আন্তঃনগর ট্রেনের পাশাপাশি এবার প্রথমবারের মতো মেট্রোরেলও এ সুবিধার আওতায় আনা হয়েছে।

৩ মার্চ ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ 

শিক্ষার্থী, প্রতিবন্ধী ও জ্যেষ্ঠ নাগরিকদের ট্রেন ও মেট্রোরেলে ২৫% ভাড়া ছাড়
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দেশের সাধারণ শিক্ষার্থী, বিশেষ সুবিধাসম্পন্ন ব্যক্তি এবং ৬৫ বছর ঊর্ধ্ব জ্যেষ্ঠ নাগরিকদের জন্য রেলপথে যাতায়াতে বড় ধরনের সুখবর দিয়েছে সরকার। মেট্রোরেলসহ দেশের সব ধরনের আন্তঃনগর ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে এই তিন শ্রেণির যাত্রীরা মূল ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় পাবেন।

মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, ‘আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে শিক্ষার্থী, শারীরিক প্রতিবন্ধী এবং বয়স্ক নাগরিকদের যাতায়াত সহজতর করার উদ্যোগ নিয়েছি। যারা শারীরিক প্রতিবন্ধী, ৬৫ বছর ঊর্ধ্ব বয়স্ক এবং শিক্ষার্থী, তাদের জন্য আন্তঃনগর ট্রেন ও মেট্রোরেলে আমরা ২৫ শতাংশ ভাড়া ছাড় দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি।’ তবে এই সুবিধা কার্যকর হতে কিছুটা সময় লাগবে বলে তিনি উল্লেখ করেন। সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করছে।

ভাড়া ছাড়ের বিশেষ সুবিধা পেতে যাত্রীদের নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদর্শন বাধ্যতামূলক। বিশেষ সুবিধাসম্পন্ন ব্যক্তি এবং জ্যেষ্ঠ নাগরিকদের ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে ইস্যুকৃত পরিচয়পত্র বা প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে।

মন্ত্রী আরও জানান, টিকিট কাউন্টার থেকে সরাসরি কিংবা অনলাইন অ্যাপের মাধ্যমে এই ছাড় কার্যকর করার প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে। রেল মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এর আগে কেবল নির্দিষ্ট কিছু ট্রেনে এবং বিশেষ শ্রেণির জন্য সীমিত পরিসরে ছাড়ের ব্যবস্থা থাকলেও এবারই প্রথম মেট্রোরেলকে এই সুবিধার আওতায় আনা হলো। বিশেষ করে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মেট্রোরেলে এই ২৫ শতাংশ ছাড় নগর পরিবহনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।