শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

মেয়র পদে দলীয় প্রতীক থাকবে কি না, সিদ্ধান্ত সংসদের: ইসি


আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে ভোট হবে কি না- সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জাতীয় সংসদের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

২২ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ 

মেয়র পদে দলীয় প্রতীক থাকবে কি না, সিদ্ধান্ত সংসদের: ইসি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, বর্তমান সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ফলে মেয়র পদে দলীয় প্রতীকের বিধান বহাল থাকবে নাকি বাতিল হবে- তা মূলত সংসদের সিদ্ধান্তেই নির্ধারিত হবে।

রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, মেয়র পদে দলীয় মনোনয়নের বিধান সংক্রান্ত অর্ডিন্যান্সের মাধ্যমে বিষয়টি বাদ দেওয়া হয়েছে বলে তিনি জেনেছেন। তবে সংসদ অধিবেশন শুরু হলে যদি এই বিল বা অর্ডিন্যান্স অনুমোদিত (রেটিফাই) হয়, তাহলে সে অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। আর যদি পরিবর্তন করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারে।

তিনি বলেন, “আমরা মূলত সংসদ অধিবেশনের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছি।”

সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রসঙ্গে কমিশনার জানান, এ প্রক্রিয়া কার্যত শুরু হয়ে গেছে। সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো যাদের মনোনীত করবে, বিধি অনুযায়ী মূলত তারাই নির্বাচিত হবেন। দলগুলো ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে।

নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যদের শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচন কমিশন সেই সময়সীমার মধ্যেই নির্বাচন শেষ করবে বলে জানান তিনি। একই সঙ্গে স্থগিত থাকা উপনির্বাচনগুলো নিয়েও কমিশনের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেন নির্বাচন কমিশনার। পরিস্থিতি অনুকূলে এলে এসব উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলেও ইঙ্গিত দেন তিনি।