শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

‘মব’কে প্রশ্রয় দিলে চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন


প্রশাসনের ভেতরে থেকে যারা গোপনে ‘মব’ বা উচ্ছৃঙ্খল জনতাকে প্রশ্রয় দিচ্ছেন, তাদের চিহ্নিত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, দেশে এখনো একটি মহল অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।

২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ 

‘মব’কে প্রশ্রয় দিলে চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

শনিবার (২১ ফেব্রুয়ারি) বরিশালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, প্রশাসনের ভেতরে থেকে কেউ যদি গোপনে উচ্ছৃঙ্খল জনতাকে প্রশ্রয় দেয় বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়, সরকার তাদের চিহ্নিত করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। দেশে এখনো একটি গোষ্ঠী ‘মব’ সংস্কৃতিকে উৎসাহিত করতে চায় বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, জনকল্যাণে কাজ করতে হলে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে কোনো ধরনের ভুল-বোঝাবুঝি থাকা উচিত নয়। পারস্পরিক সমঝোতা ও সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে।

নিজ দলের নেতাকর্মীদের সতর্ক করে মন্ত্রী বলেন, ভবিষ্যতে যেন তাদের বিরুদ্ধেই কোনো আন্দোলন গড়ে না ওঠে, সে জন্য প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে চলতে হবে।

চলতি ফেব্রুয়ারির মধ্যেই সরকার ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম শুরু করবে বলেও ঘোষণা দেন জহির উদ্দিন স্বপন। তিনি জানান, দেশের ৪ কোটি ১০ লাখ পরিবার এই কার্ডের আওতায় আসবে। নারীর ক্ষমতায়ন ও বেকারত্ব দূরীকরণে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

সাংবাদিকদের প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকতার যেকোনো সমস্যা বা সংকট সাংবাদিকতার নিজস্ব কাঠামো ও নীতিমালার মধ্যেই সমাধান হওয়া উচিত। এ ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয়ের বাইরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কোনো মন্ত্রণালয়ের হস্তক্ষেপ তিনি চান না বলে স্পষ্ট করেন।

তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি স্বতন্ত্র পেশা এবং এর পেশাগত স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত জরুরি। সরকারের সঙ্গে জনগণের সেতুবন্ধ হিসেবে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সাংবাদিকদের বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।