ঢাকাসহ ৫ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, থাকতে পারে বজ্রসহ বৃষ্টি
১৯ ডিসেম্বর ২০২৫, ৯:৪২ পূর্বাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছাবে। এরপর শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে ওসমান হাদির মরদেহ ঢাকার উদ্দেশে রওনা করা হবে। ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
সংগঠনটি আরও জানায়, বাংলাদেশে ওসমান হাদির দ্বিতীয় জানাজা শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এর আগে শুক্রবার সকাল ১০টায় সিঙ্গাপুরের ঐতিহাসিক দ্য আঙ্গুলিয়া মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।এদিকে ওসমান হাদির মৃত্যুতে সরকার শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানান, রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে ওই দিন দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
তিনি আরও জানান, শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে ওসমান হাদির রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। পাশাপাশি অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হবে।উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শরিফ ওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।