শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা পরিকল্পিত: নাহিদ ইসলাম


রাজধানীর রমনায় হাবিবুল্লাহ বাহার কলেজে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নির্দেশে এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিতে সংঘটিত হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

২৭ জানুয়ারী ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ 

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা পরিকল্পিত: নাহিদ ইসলাম
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীর রমনায় হাবিবুল্লাহ বাহার কলেজে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নির্দেশে এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিতে সংঘটিত হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার এক জরুরি সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম দাবি করেন, ছাত্রদলের চিহ্নিত সন্ত্রাসী ও ক্যাডাররা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। তিনি এ ঘটনাকে একটি ‘পরিকল্পিত সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেন।

নাহিদ ইসলাম বলেন, “আপনারা একদিকে ভালো ভালো কথা বলবেন, আরেকদিকে বিরোধীদের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করবেন- এটা আমরা বাংলাদেশে হতে দেব না।”

নির্বাচন কমিশন, কলেজ প্রশাসন এবং বিএনপির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “আজ আমরা নির্বাচন কমিশনের প্রতি হুঁশিয়ারি দিচ্ছি। দেখতে চাই তারা কী ব্যবস্থা নেয়। কলেজ প্রশাসন কী করে এবং বিএনপি দলীয়ভাবে এর কী জবাব দেয়। এরপর বাকি জবাব আমরা রাজপথে দেব—১২ তারিখে।”

উল্লেখ্য, জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করছেন এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী। একই আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনার পর সংবাদ সম্মেলনে মির্জা আব্বাসকে উদ্দেশ করে নাহিদ ইসলাম বলেন, “আগে যা করেছেন করেছেন। সেই আচরণ যদি পরিত্যাগ করতে না পারেন, তাহলে এবারের নির্বাচনে এর পরিণতি ভালো হবে না। নির্বাচন মানে কথার লড়াই। জনগণ সিদ্ধান্ত নেবে, কাকে ভোট দেবে। আপনারা জনগণকে সেই সিদ্ধান্ত নিতে দিচ্ছেন না কেন?” তিনি আরও বলেন, “১২ ফেব্রুয়ারি জনগণ নির্ধারণ করবে- কে বেয়াদব, কে গ্যাংস্টার, কে সন্ত্রাসী আর কে জনগণের পক্ষে কথা বলে।”

মির্জা আব্বাসের রাজনৈতিক অতীতের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, “আমরা তার ইতিহাস জানি। জিয়াউর রহমান তাকে ডেকে একটি হুন্ডা আর ৩০ টাকা দিয়ে রাজনীতিতে যুক্ত করেছিলেন- সেই জায়গা থেকেই বিএনপির সঙ্গে তার রাজনৈতিক যাত্রা। এরপর ঢাকায় তিনি একটি সাম্রাজ্য গড়ে তুলেছেন। এই সাম্রাজ্য কীভাবে তৈরি হয়েছে, তা ঢাকার মানুষ ও বাংলাদেশের জনগণ জানে।”

এনসিপির এই তরুণ নেতা আরও বলেন, “কিছু হলেই জামায়াতের অতীত নিয়ে কথা বলা হয়। কিন্তু বিএনপির নিজেদের অতীতও মানুষ ভুলে যায়নি। ২০০১ থেকে ২০০৬- এই সময়ের ইতিহাস বাংলাদেশের মানুষ জানে। অতীত নিয়ে কথা বললে সবার অতীত নিয়েই কথা হবে।”