শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

এনসিপির সব কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার ঘোষণা যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সব কার্যক্রম থেকে নিষ্ক্রিয় থাকার ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। দলীয় নীতিগত অবস্থান থেকে সরে আসার অভিযোগ তুলে তিনি এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

২৯ ডিসেম্বর ২০২৫, ৯:২৭ পূর্বাহ্ণ 

এনসিপির সব কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার ঘোষণা যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সব কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। রোববার (২৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, তিনি সংক্ষেপে কিছু বিষয় তুলে ধরতে চান। তার ভাষায়, এনসিপি জন্মলগ্নে গণতন্ত্রের সুষম চর্চা, নয়া বন্দোবস্ত, মধ্যপন্থা, অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা, সভ্যতাকেন্দ্রিক সাম্রাজ্য সম্প্রসারণ এবং সর্বোপরি বাংলাদেশপন্থার স্বপ্ন দেখিয়েছিল। এই মূল্যবোধগুলোই তার রাজনৈতিক দর্শন ও স্বপ্নের অংশ বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও লেখেন, এনসিপির ঘোষণাপত্রসহ সব ধরনের দলীয় লিটারেচারেও এসব আদর্শের প্রতিফলন ছিল এবং দল গঠনের সময় এনসিপি ঠিক তার প্রত্যাশার জায়গাতেই অবস্থান করছিল।

তবে নুসরাত তাবাসসুম অভিযোগ করেন, ২৮ ডিসেম্বর এনসিপির দশ মাস পূর্তির সময় জামায়াতে ইসলামীসহ ১০–দলীয় জোটে বিভিন্ন শর্ত সাপেক্ষে অংশগ্রহণের মাধ্যমে দলের সর্বোচ্চ নেতৃত্ব ও নীতিনির্ধারকেরা এনসিপির মূল বক্তব্য থেকে সরে এসেছেন। তিনি বলেন, বিভিন্ন সময়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিতে শোনা গেছে। এমন অবস্থায় জোটে অংশগ্রহণের ঘোষণার মাধ্যমে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী এবং বিশেষ করে যারা মনোনয়ন নিয়েছেন, তাদের সঙ্গে প্রবঞ্চনা করা হয়েছে বলে তিনি মনে করেন।

এসব ঘটনার প্রেক্ষাপটে নুসরাত তাবাসসুম নিজেকে প্রাথমিকভাবে নির্বাচনকালীন সময়ে জাতীয় নাগরিক পার্টির সব কার্যক্রম থেকে নিষ্ক্রিয় রাখার ঘোষণা দেন। একই সঙ্গে পরিস্থিতি পুনর্বিবেচনার মাধ্যমে ভবিষ্যতে যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি।

উল্লেখ্য, নুসরাত তাবাসসুম কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসন থেকে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য দলীয় মনোনয়ন কিনেছিলেন। তার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়।