শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ আজ বিকেলে


জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিন দলের সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক জোট আজ রবিবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করছে।

৭ ডিসেম্বর ২০২৫, ২:৫৮ অপরাহ্ণ 

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ আজ বিকেলে
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)—এই তিন রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত নতুন জোট আজ রবিবার (৭ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জোট গঠনের ঘোষণা আসবে।

এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা এবং দেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ গড়ে তোলার উদ্দেশ্যে এই জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের সংবাদ সম্মেলনে তিন দলেরই শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

এ ছাড়া আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ভূঁইয়াও নতুন জোটের আত্মপ্রকাশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মঞ্জু বলেন, ‘জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের ঐক্য গঠনের ঘোষণা আজ বিকেল ৪টায় ডিআরইউ মিলনায়তনে দেওয়া হবে। এতে জাতীয় নাগরিক পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টিসহ কয়েকটি দলের নেতারা উপস্থিত থাকবেন।’

আজকের এই ঘোষণার মধ্য দিয়ে তিন দল মিলে নতুন রাজনৈতিক জোট বা ঐক্য প্রচেষ্টার আনুষ্ঠানিক সূচনা করতে যাচ্ছে, যা সামনে রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিতে পারে।